কিশোরগঞ্জে জমি বিক্রি ও পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে পাল্টাপাল্টি

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে একই জমি একজনকে পাওয়ার অব অ্যাটর্নি এবং আরেকজনের কাছে বিক্রিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম বিরোধ ও উত্তেজনা তৈরি হয়েছে। এ বিরোধের জেরে জমির ক্রেতা মো. মানিক মিয়া এবং দলিল লিখক মো. উসমান গণি পৃথক সংবাদ সম্মেলন করে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। এক পক্ষ পাওয়ার অব অ্যাটর্নি বাতিল ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে, অন্য পক্ষ তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। রোববার দুপুরে স্থানীয় অনলাইন পোর্টাল কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলিল লিখক মো. উসমান গণি। লিখিত বক্তব্যে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উসমান গণি বলেন, তিনি একজন সনদপ্রাপ্ত দলিল লিখক এবং দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার মুসাবিদা করা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি আইন অনুসরণ করেই গত ২২শে জুন, ৪৪০৭ নম্বর দলিলমূলে নিবন্ধিত হয়েছে। এতে দাতা ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রহীতা ছিলেন মো. আবুল কালাম।

উসমান গণির দাবি, দলিল সম্পাদনের সময় দাতা সৈয়দ মাহবুবুর রহমান নিজে সাব- রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে জবানবন্দি দেন এবং টিপসই ও স্বাক্ষর প্রদান করেন। ফলে দাতার অজ্ঞাতে বা তাকে না জানিয়ে দলিল সম্পাদনের যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়। সংবাদ সম্মেলনে উসমান গণি ছাড়াও বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা দলিল লিখক সমিতির সভাপতি মহিউদ্দিন বাবুল সরকার ও সমিতির আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর আলিফ। তারা অভিযোগ করেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একতরফা বক্তব্য ও অনুমানের ভিত্তিতে মহিউদ্দিন বাবুল সরকার ও তার পরিবারের লোকজনকে এ বিরোধে জড়ানো হয়েছে। এতে তাদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে।