সিডরের ১৯ বছর:

আজও শোকে কাতর কলাপাড়ার ৯৪ পরিবার

ফন্ট সাইজ:

ভয়াল ঝড়ে, মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল উপকূলের জনপদ। কেড়ে নিয়েছিল স্বজনের প্রাণ, হাজারো মানুষের শেষ আশ্রয়টুকু। সেই বিভীষিকাময় রাতের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন পটুয়াখালীর কলাপাড়ার মানুষ। সিডরের তাণ্ডব ১৯ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর শোক, হারিয়ে যাওয়া মানুষের অপেক্ষা আর নিরাপদ বসবাসের অনিশ্চয়তা কাটেনি উপকূলবাসীর। সরকারি হিসাবে সিডরে কলাপাড়ায় প্রাণ হারিয়েছিলেন ৯৪ জন। বেসরকারি হিসাবে এ সংখ্যা ১০৪। আজও সন্ধান মেলেনি ৭ জেলে ও ১ শিশুর। ফলে ১৯ বছর পরও সিডরের স্মৃতি এখানে কেবল ইতিহাস নয়, বহু পরিবারের প্রতিদিনের বেদনা।
২০০৭ সালের ১৫ই নভেম্বর প্রকৃতির ভয়ঙ্কর রূপ নিয়ে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর। মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছিল উপকূলের ঘরবাড়ি, ফসলের মাঠ, গবাদিপশু ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কলাপাড়ার বিস্তীর্ণ জনপদ পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। সেই ক্ষয়ক্ষতির হিসাব এখনো উপকূলের মানুষের জীবনযাপনে স্পষ্ট ক্ষত হয়ে আছে। সরকারি হিসাব মতে, সিডরের কালো থাবায় কলাপাড়ায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল ১২ হাজার ৯০০ পরিবারের বসতঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল আরও ১৪ হাজার ৯২৫ পরিবারের ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তিন হাজার ২২৫ জেলে পরিবারের সদস্যরা। উপজেলার প্রায় ৯০ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের তথ্য।
সিডর-পরবর্তী সময়ে সরকারি-বেসরকারি উদ্যোগে পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেয়া হলেও দীর্ঘমেয়াদি সংকট কাটেনি। ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৪৭৩ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়। ৫৪০ পরিবারের জন্য নির্মাণ করা হয় ব্যারাক হাউজ। কিন্তু নির্মাণের ৯ বছর পেরোতেই এসব ব্যারাকের অনেকগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও চাল নেই, কোথাও বেড়া ও খুঁটি চুরি হয়ে গেছে। ব্যারাকের অন্তত অর্ধেক কক্ষে এখন আর কেউ বসবাস করছেন না বলে স্থানীয়ভাবে জানা গেছে।
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেয়া তথ্য অনুযায়ী, কলাপাড়ায় এখনো অন্তত ৭ হাজার পরিবার বেড়িবাঁধের বাইরে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কিংবা অস্বাভাবিক জোয়ারের সময় এসব পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়। শুধু বেড়িবাঁধের বাইরের পরিবারগুলোই নয়, সিডর-পরবর্তী সময়ে আবাসন ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসিত দরিদ্র পরিবারগুলোর অবস্থাও নাজুক। একসময় মাথাগোঁজার ঠাঁই হিসেবে পাওয়া এসব ঘর এখন অনেক জায়গায় চরম জীর্ণদশায় পৌঁছেছে। ছাদের চাল, বেড়া ও কাঠামো নষ্ট হয়ে যাওয়ায় শত শত পরিবার আবারো আশ্রয়হীন হওয়ার শঙ্কায় রয়েছে। যারা এখনো এসব ঘরে বসবাস করছেন, তাদের অনেকেরই প্রতিদিন কাটছে ঘর হারানোর উদ্বেগে। সিডরের পর থেকে এসব দরিদ্র পরিবারের বসবাসের ভোগান্তি কাটছে না।