হয়রানি করতেই মামলা- অভিযোগ নুসরাতের পিতার

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পিতা আবদুল হালিমের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষীরা জানেন না মামলার কথা। এমনকি কী ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের সাক্ষী করা হয়েছে, সে বিষয়েও তাদের কোনো ধারণা নেই। এদিকে মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মামলার আসামি এমপি নুসরাতের পিতা আবদুল হালিম।
রোববার মামলার সাক্ষী কালাম হোসেন (৭০) ও হালিম হোসেনের (৫০) সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। মামলার এক নম্বর সাক্ষী কালাম হোসেন বলেন, ইদ্রিস আলী বাদী হয়ে শনিবার যে মামলাটি করেছেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। জানতে পেরেছি, ওই মামলায় আমাকে এক নম্বর সাক্ষী করা হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আগস্টের মাঝামাঝি সময়ে ইদ্রিস আলী গ্রাম ছেড়ে চলে যান। এরপর তার বিষয়ে তেমন খোঁজখবর রাখা হয়নি। স্ত্রী অসুস্থ থাকায় তাকে নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। কালাম হোসেনের ভাষ্য, ইদ্রিস আলী আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনে সেখানে বসবাস করতেন। পরে তারা নিজেরাই এলাকা ছেড়ে চলে যান।
অপর সাক্ষী হালিম হোসেন বলেন, সকালে জানতে পেরেছি, আমাকে মামলার সাক্ষী করা হয়েছে। এ মামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আমি সরকারি চাকরি করি, বাইরে থাকি। মামলায় কী ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, তাও বলতে পারবো না।
এদিকে মামলার এজাহারে উল্লেখ করা জমিটি সরজমিন গিয়ে দেখা গেছে, সেখানে বর্তমানে গবাদিপশুর খাদ্য হিসেবে লিপিয়ার ঘাস চাষ করা হচ্ছে। জমিতে কোনো বাড়িঘর বা বসতবাড়ির অস্তিত্ব চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় ওই জমিতে ইদ্রিস আলী পরিবার নিয়ে বসবাস করতেন। ২০২১ সালে আবদুল হালিমের ভাই এবং নুসরাত তাবাসসুমের চাচা মঞ্জু মাস্টারের কাছ থেকে সোয়া ৪ কাঠা জমি কিনেন ইদ্রিস আলী। জমি কেনার পর করোনাকালে মঞ্জু মাস্টার মারা যান। পরে তার ভাই আবদুল হালিম ওরফে টম মাস্টার জমিটি নিজের বলে দাবি করেন।
স্থানীয়দের ভাষ্য, একটি পেঁপে গাছের পেঁপে পাড়াকে কেন্দ্র করে ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় পুলিশ ইদ্রিসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্ত হন তিনি। এরপর থেকেই তাদের ওপর নানা ধরনের অত্যাচার শুরু হয় বলে স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন। বর্তমানে জমিটি ইদ্রিস আলীর নামে থাকলেও আবদুল হালিম (টম মাস্টার) তা ভোগদখল করছেন ।
তবে মামলার সাক্ষীরা তাদের অজ্ঞাততার কথা জানালেও এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বাদী ইদ্রিস আলী। তিনি বলেন, আমার মামলার যারা সাক্ষী, তাদের সঙ্গে কথা বলেই আমি মামলা করেছি। এখন তারা কেন অস্বীকার করছেন, তা জানি না। আমি তাদের জিজ্ঞাসা করছি, তারা মিথ্যা বলছেন কেন।
ইদ্রিস আলী আরও বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পর তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। একপর্যায়ে নিজেদের কেনা জমি থেকেও তাদের উচ্ছেদ করা হয়। ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে হওয়ায় এতদিন কোনো পদক্ষেপ নিতে পারেননি বলে দাবি করেন তিনি। আমার বয়স হয়েছে। এখন অন্যের জমিতে বসবাস করছি। ওই জমিটুকু ছাড়া আমার আর কিছুই নেই। আমি আমার জমি ফেরত চাই। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই মামলা করেছি।
ইদ্রিস আলীর স্ত্রী মিনারা খাতুন জানান, তাদের কেনা জমি ফিরে পাওয়ার জন্যই তারা মামলা করেছেন। দীর্ঘদিন ভয়ের কারণে কোনো পদক্ষেপ নিতে পারেননি। একই কথা জানিয়েছেন তাদের ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী।
গত শনিবার সকালে দৌলতপুর থানায় মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকার বাসিন্দা ইদ্রিস আলী। মামলায় আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, প্রায় ৫ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া ৪ কাঠা জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন ইদ্রিস আলী। জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ই সেপ্টেম্বর আবদুল হালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালান। এ সময় ঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস ও তার স্ত্রীকে মারধর এবং ঘর থেকে ৩টি খাট ও ১০ বান্ডিল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটের অভিযোগও করা হয়েছে।
এদিকে ইদ্রিস আলীর এসব অভিযোগ অস্বীকার করে আবদুল হালিম বলেন, শনিবার মিডিয়ায় সংবাদ প্রকাশের পর জানতে পেরেছি, ইদ্রিস আলী নামে একজন আমার বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, ইদ্রিস বিগত সরকারের আমলে প্রত্যন্ত গ্রাম বাগোয়ান এলাকায় বসবাস করতেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ৫ই আগস্টের পর আমরা পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলাম। পরে ২০২৪ সালের ১৭ই আগস্ট বাড়িতে ফিরে জানতে পারি, ৫ই আগস্টের পর ৬ বা ৭ই আগস্ট রাতের আঁধারে ইদ্রিস ও তার পরিবারের সদস্যরা নিজেদের বাড়িঘর ভাঙচুর করে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর কাছে খোঁজ নিলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
আবদুল হালিম আরও বলেন, অবাক করার বিষয়, হঠাৎ করে ২০২৫ সালের ১৩ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে আমি তাদের বাড়িঘর ভাঙচুর করে জমি দখল করেছি বলে অভিযোগ করা হচ্ছে। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি। নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে নতুন মামলার যোগসূত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ডাং মড়কা কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হালিম।
এদিকে মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছে এনসিপি। দলটির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত শনিবার রাতে এক ফোনালাপে গণমাধ্যমকে বলেন, এটি স্পষ্টতই একটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা। নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যার বাড়িঘর আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দিয়েছে, এখন তার বিরুদ্ধেই কোথা থেকে একজন ব্যক্তিকে নিয়ে এসে মামলা করানো হয়েছে। আমি স্পষ্ট মনে করি, এখানে প্রশাসনের এক ধরনের যোগসাজশ রয়েছে। এক বছর আগের একটি সাজানো অভিযোগ সামনে এনে আজকের মামলাটি করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানাবো। দলের নেতারাও এ বিষয়ে কথা বলছেন। এ মামলা আমরা মানবো না। কারণ, মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি উল্লেখ করেন।