জাবি ক্যাম্পাসে অনুমোদনহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

ফন্ট সাইজ:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুমোদনহীন যানবাহন প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া স্টিকারযুক্ত ও অনুমোদিত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল করতে পারবে না। একই সঙ্গে রাতে সব বহিরাগত ও তাদের গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো সময় যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা পরিচয়পত্র সব সময় সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলা সব বহিরাগত ও তাদের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।