নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় পুরুষ শূন্য গ্রামে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দালান ঘর ভাঙচুরের কাজে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। বিগত দুই বছর ধরে ওই গ্রামে মসজিদের মোতাওয়াল্লী নিয়ে তুচ্ছ ঘটনার জের হিসেবে হামলা-পাল্টা হামলায় শতাধিক লোকজন আহত হন। আওয়ামী লীগ নেতা সালামত খানের বাহিনী কর্তৃক যুবলীগ নেতা আলমগীর বাহিনীর ১৫-২০ বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিদ্যমান দুই গ্রুপের মধ্যে পরস্পর বিরোধী প্রায় এক ডজন মামলা ছাড়াও একাধিকবার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গ্রাম থেকে বিতাড়িত আলমগীর ও তার লোকজন সমপ্রতি গ্রামে প্রবেশ করলে আবারো দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে সংঘাত-সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের ১৫-২০টি বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়। প্রায় দুই বছর গ্রামছাড়া আলমগীরের লোকজন সমপ্রতি গ্রামে প্রবেশ করে। সংঘাত নিরসনে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ৭ দফা রেজ্যুলেশন হলেও সালামত বাহিনী সমাধানে সম্মত না হওয়ায় শান্তিশৃঙ্খলার উদ্যোগ ব্যর্থ হয়। বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া সরজমিন গিয়েও সালামত বাহিনীকে নিবৃত করতে ব্যর্থ হন। প্রবাসী যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য বাবুল চৌধুরীর কারণেই স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, উপজেলা ও পুলিশ প্রশাসনের শান্তি-শৃঙ্খলায় নেয়া উদ্যোগ ব্যর্থ হয়।
প্রতিপক্ষের ৭-৮টি পাকা বাড়িঘর ভাঙচুরের তাণ্ডব দেখে হতবাক হন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। আইনশৃঙ্খলার চরম অবনতিতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ছালামত খান ও যুবলীগ নেতা দুলাল, বদরুল ও হাদীর নেতৃত্বে ঘোষণা দিয়ে এসব কর্মকাণ্ড চালানো হয়। প্রশাসনকে চ্যালেঞ্জ করেই চলছে হামলা, পাল্টা হামলা। এ নিয়ে থানার ওসি মো. আবুল হোসেন বলেন, গ্রামের দাঙ্গাবাজদের পাশাপাশি নেপথ্যের নায়কদের চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সার্বিক বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
