জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্যদিয়ে এ বিচারিক কার্যক্রম শুরু হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। পরে মামলার প্রথম সাক্ষী হিসেবে হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী আনিছ আহমেদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এ মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে রোববার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। বাকি ১৭ আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, প্রসিকিউশন গত ৫ই এপ্রিল ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এর দুই দিন পর ৭ই এপ্রিল ট্রাইব্যুনাল-২ অভিযোগে উল্লেখ করা তিনটি সুনির্দিষ্ট বিষয় আমলে নেন। প্রথম অভিযোগে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার কথা বলা হয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গত ৩০শে জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। তবে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন গ্রেপ্তার পাঁচ আসামি। এতে বিচারিক কার্যক্রম শুরু পিছিয়ে যায়। ওই আবেদনের উপর গত ২১শে সেপ্টেম্বর প্রথম দফা শুনানি অনুষ্ঠিত হয়। পরে ৮ ও ১৩ই অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে ১৯শে অক্টোবর আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১৫ই নভেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্যদিয়ে বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
চট্টগ্রামে ওয়াসিমসহ ছয় হত্যা মামলা
হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচার শুরু
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
