লালমনিরহাটে মাদকের বিরুদ্ধে ২০ কিলোমিটার সাইকেল র‍্যালি

লালমনিরহাটে মাদকের বিরুদ্ধে ২০ কিলোমিটার সাইকেল র‍্যালি

ফন্ট সাইজ:

মাদক, যৌতুক, বাল্যবিবাহ, জুয়ামুক্ত সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি হয়েছে। শহরের সোহ্‌রাওয়ার্দী মাঠ হতে ১০ হাজার আলোকিত আন্দোলনের সদস্য র‌্যালিতে অংশ নেন। রোববার সকাল সাড়ে ১০টায় ‘আলোকিত লালমনিরহাট: আমাদের অঙ্গীকার’ সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ র‍্যালির আয়োজন করা হয়। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর প্রতিষ্ঠাতা আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শহরের সোহ্‌রাওয়ার্দী মাঠ থেকে র?্যালিটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাঘাট হয়ে বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে মন্ত্রীর সঙ্গে অংশ নেন- জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আন্দোলনের হাজারো স্বেচ্ছাসেবী।
বাইসাইকেল করে ১০ হাজার মানুষ র‍্যালিতে অংশ নেন। এ সময় তারা ‘মাদককে না বলুন’, ‘যৌতুককে না বলুন’ এবং ‘জুয়াকে না বলুন’- এমন বিভিন্ন স্লোগান দেন। এর মাধ্যমে সামাজিক অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির বার্তা ছড়িয়ে দেয়া হয়। এছাড়াও আয়োজক সূত্র জানায়, লালমনিরহাটে ব্যাপক সাড়া জাগানো ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরজমিন পর্যবেক্ষণের জন্য আগামী ১৯শে নভেম্বর লালমনিরহাট সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।