পাবনায় কলেজছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন, স্বামীর ফাঁসি দাবি

ফন্ট সাইজ:

পাবনায় কলেজছাত্রী সানজিদা ইসলাম ইমা (২৪) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। রোববার সরকারি শহীদ বুলবুল কলেজের সামনে আয়োজিত মানববন্ধন থেকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আমিনুর রহমানের ফাঁসির দাবি জানানো হয়।
সানজিদা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৮ই নভেম্বর ঢাকার উত্তরখানের হেলাল মার্কেট এলাকায় ভাড়া বাসার নবম তলার একটি কক্ষে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন সহপাঠীরা। সানজিদা পাবনা পৌর এলাকার গোপালপুর বনমালী শিল্পকলা কেন্দ্র মহল্লার এবিএম শফিকুল ইসলামের মেয়ে।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বামী আমিনুর রহমান পরিকল্পিতভাবে সানজিদাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং অভিযুক্ত আমিনুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ঘটনায় নিহতের ছোট চাচা এটিএম সাইফুল ইসলাম বাদী হয়ে আমিনুর রহমানকে প্রধান আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার তদন্ত করছে সিআইডি ও উত্তরখান থানা পুলিশ।