সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রনি (৪১) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আল-আমিন নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, ভোরে মিজমিজি তেরা মার্কেট এলাকায় রনির সঙ্গে আল-আমিনের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে সেখানে উপস্থিত এক নারীকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় আল-আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করে বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আল-আমিনকে আটক করে। প্রাথমিকভাবে ওই নারীকে নিয়ে প্রশ্ন করা ও কথাবার্তার একপর্যায়ে বিরোধের সূত্রপাত বলে জানা গেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল-আমিনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। ওই নারীকে কেন্দ্র করে প্রশ্ন করাকে ঘিরে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আল-আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আল-আমিনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।