চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা এলাকার সমস্যা, সম্ভাবনা ও নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। নগর উন্নয়ন অধিদপ্তর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভা ও ফেনীর সোনাগাজী উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীতাকুণ্ড নামার বাজারের তাওহীদ ট্রেডার্সে আয়োজিত সভায় উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. তাওহীদুল হক চৌধুরী বলেন, উন্নত ও পরিকল্পিত নগর গড়তে জনগণের অংশগ্রহণকে উন্নয়নের মূল শক্তি হিসেবে বিবেচনা করতে হবে। এলাকার প্রকৃত সমস্যা চিহ্নিত করে জনমতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেনÑ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা এম এ আজাদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ও সাবেক ছাত্র প্রতিনিধি সমন্বয়ক আব্দুল্লাহ আল ইমরান। এ ছাড়া এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তারা এলাকার অবকাঠামো, নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জিল্লুর রহমান অংশগ্রহণকারীদের লিখিত মতামত ও প্রস্তাবনা সংগ্রহ করেন।
