শাড়ি কাণ্ড, শুটিংয়ে মারধরের ঘটনা ও বড় পর্দায় অভিষেকের পথে বাধা- সবমিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। ছোট পর্দায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। ওটিটিতেও তার কাজ নজর কেড়েছে দর্শকদের। তবে মাস কয়েক আগে শুটিংয়ে অভিনেত্রী সামিয়া অথৈ’কে চড় মারার দৃশ্য থাকলেও তিশার বিরুদ্ধে সে সময় সত্যি সত্যি চড় মারার অভিযোগ তুলেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারেও এ নিয়ে কথা বলেছেন সামিয়া। পরবর্তীতে বিষয়টি গড়ায় অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ পর্যন্ত। সংগঠনটি তাদের কথা শুনে দু’জনকেই দুঃখপ্রকাশ করে ভিডিওবার্তা দেয়ার আহ্বান জানায়। তবে সেটা কেউই করেননি তারা। যার কারণে সামিয়া ও তিশার অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, একজন একাধিক ফ্যাশন হাউজের শাড়ি নিয়ে পরবর্র্তীতে ফেরত না দেয়ার অভিযোগেও অভিযুক্ত তানজিন তিশা। যার ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ফ্যাশন হাউজের কর্ণধারের তরফ থেকে একাধিক উকিল নোটিশ দেয়া হয় তিশাকে। পরবর্তীতে মামলাও করা হয়েছে। এসবের মধ্যে যোগ হয়েছে বড় পর্দায় তিশার অভিষেক নিয়ে জটিলতা। প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে কাজ করেছেন তিনি। সাকিব ফাহাদ পরিচালিত ছবিটির নাম ‘সোলজার’। নানা জটিলতায় ছবিটির শেষের দিকের শুটিং থেমে আছে।
যার কারণে মুক্তি বারবার পেছানো হচ্ছে। এ সিনেমার জন্য কলকাতার একটি ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিশা। টানা চার মাস অন্য কোনো কাজে যুক্ত না হয়ে ‘সোলজার’র জন্য সময় বরাদ্দ রেখেছিলেন। যদিও এ বিষয়ে তিশার ভাষ্য, সিনেমাটির শুটিংয়ের জন্য তার সময়সূচি এখনো খোলা রয়েছে। কাজ শুরু হলেই তিনি যুক্ত হবেন। তার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো সমস্যা হয়নি বলেও জানান অভিনেত্রী। ছবিটির পারিশ্রমিক নিয়ে জটিলতার কথা শুনেছেন তিশা। তবে এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি বিস্তারিত কথা হয়নি তার। এসব বিষয় নিয়ে না ভেবে সিনেমার কাজ শেষ করার দিকেই বেশি মনোযোগী তিনি।
