বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। তার নগ্ন ছবি পোস্ট করা হয়েছে একাধিক ওয়েবসাইট ও ফেসবুক পেজে। এ নিয়ে যখন তোলপাড় চলছে, তখনই এমন ঘটনা ঘটানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। যদিও পুলিশের গ্রেপ্তারির পদ্ধতিতে আইনি ত্রুটি থাকায় সেই ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে। অভিযুক্তের নাম আরিয়ান দীপক জৈন। গত শুক্রবার সোনাক্ষী এ ঘটনায় মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তে নেমে শনিবার দিল্লির শাহদরার জগৎপুরি এলাকা থেকে আরিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মুম্বইয়ের বান্দ্রা আদালতে হাজির করা হয়। তবে আদালত বলে, দিল্লি থেকে গ্রেপ্তারের পর অভিযুক্তকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়নি।
অন্য রাজ্য থেকে কাউকে গ্রেপ্তার করে নিয়ে আসার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু তদন্তকারী সংস্থা কেন সেই নিয়ম মানেনি, তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে তিনদিনের হেফাজতে রাখার আবেদন করা হয়েছিল। বিকৃত ছবি তৈরিতে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রের সন্ধান এবং ঘটনার গভীর তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুলিশ। এদিকে, এ ঘটনায় বেশ ক’জনকে নজরদারিতে রেখেছে পুলিশ। সোনাক্ষীর বিকৃত ছবি ছড়িয়ে দেয়ার ঘটনায় একটি গ্রুপ কাজ করছে বলেও দাবি পুলিশের। সেই গ্রুপের প্রতিটি সদস্যকে গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
