গানে গানে মুগ্ধতা ছড়ালেন অদিতি ও বাপ্পা

গানে গানে মুগ্ধতা ছড়ালেন অদিতি ও বাপ্পা

ফন্ট সাইজ:

অগ্রহায়ণের শেষ প্রান্তের হিমেল হাওয়ায় রবীন্দ্রসংগীত আর আধুনিক গানের মুগ্ধতায় মেতে উঠেছিল ঢাকার গুলশান লেকপার্ক। শনিবার সন্ধ্যায় ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’ শিরোনামের এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়ান সংগীতশিল্পী অদিতি মহসীন ও বাপ্পা মজুমদার। গুলশান সোসাইটির উদ্যোগে এ আয়োজনে প্রথমে মঞ্চে ওঠেন অদিতি মহসীন। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন তিনি। একে একে গেয়ে শোনান ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘একটু কেবল বসতে দিও’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘ও যে মানে না মানা’ ও ‘আমার এই পথ চলাতেই আনন্দ’সহ বেশ কয়েকটি গান।

রবীন্দ্রসংগীতের রেশ কাটতে না কাটতেই মঞ্চে ওঠেন ‘দলছুট’ ব্যান্ডের দলনেতা বাপ্পা মজুমদার। তিনি ‘বৃষ্টি পড়ে অঝোর ধারায়’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন। এরপর ‘পরী’, ‘আগে যদি জানতাম’, ‘দিন বাড়ি যায়’, ‘বায়োস্কোপ’ ও ‘গাড়ি চলে না’সহ আটটি গান গেয়ে মুগ্ধতা ছড়ান। দর্শক-শ্রোতাদেরও বাপ্পা মজুমদারের সঙ্গে গলা মেলাতে দেখা যায়। এ আয়োজনের বিষয়ে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, হেমন্ত আমাদের আনন্দ-উচ্ছ্বাসের ঋতু। ক্ষেতে সোনালি ধান, কৃষকের চোখে-মুখে হাসি- এসব কিছুই উদ্‌যাপন করা হয় নানা উৎসবের মধ্যদিয়ে। এটা আমাদের সংস্কৃতি, যা আমরা ভুলতে বসেছি। হেমন্তকে যেন ভুলে না যাই, সেজন্যই এ উৎসবের আয়োজন।