জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে প্রতিবাদ করেছেন তরুণ-তরুণীরা। গতকাল সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে আয়োজিত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচিতে তারা এ প্রতিবাদ জানান।
কর্মসূচির শুরুতে জলবায়ু ন্যায্যতার দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খালপাড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে কয়েকজন তরুণ-তরুণী প্রতীকী মৃতদেহ সেজে কাফনের কাপড় পরে জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরেন। তাদের দাবি, বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন নিঃসরণের জন্য দায়ী উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।
সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জলবায়ুকর্মী লুইস রানা গাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজের গাজী ফরহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মণ্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন ও আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক ও মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এডভোকেট এসএম বিপ্লব হোসেন।
জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, ২০০৭ সালের ১৫ই নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর দক্ষিণ উপকূলে আঘাত হেনে সরকারি হিসাব অনুযায়ী ৩ হাজার ৪৯৫ জনের প্রাণ কেড়ে নেয়। আহত ও সর্বস্বান্ত হন লক্ষাধিক মানুষ। সিডরের ক্ষত আজও উপকূলবাসী বয়ে বেড়াচ্ছেন। সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, সিডর ও আইলার মতো প্রলয়ঙ্করী দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উপকূলের মানুষের জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলছে। আর কতো প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর বিশ্বনেতাদের টনক নড়বে? বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য স্থায়ী নিরাপত্তা, টেকসই বেড়িবাঁধ ও জলবায়ুর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
