বোদায় গণপিটুনিতে চোর নিহত

ফন্ট সাইজ:

পঞ্চগড়ের বোদায় কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে বসতবাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে এক চোরের মৃত্যু হয়েছে। রোববার ভোরে কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করাপাড়া গ্রামে জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরি করার সময় হাতেনাতে আটক হলে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। এতে চোর নাজমুল হক বিশারু (৬০) মারা যায়। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতে ওই গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে গেলে বাড়ির মালিক জ্যোতিচন্দ্র রায় তাকে আটক করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে অজ্ঞান অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকি?সক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সদস্য মর্মে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।