বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা রোববার কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এর আগে, ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে। মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রেমিক শুভ মিয়া (২৪) নামের এক যুবককে। তিনি উপজেলার বলাইশিমূল ইউনিয়নের কামারগাঁও গ্রামের বদরুজ্জামান ওরফে লিটনের ছেলে। অপর আসামিরা হলেন- একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে নুরে আলম (৩৩) ও ফজলু মিয়ার ছেলে শাহ আলম (৩১)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শুভর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে শুভ মিয়া গত ১৩ই নভেম্বর রাত ১০টার দিকে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বসতবাড়ির পেছনের একটি ফসলি জমিতে যায়। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী নুরে আলম ও শাহ আলম সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে শুভ ও শাহ আলম অটোরিকশা আনার কথা বলে সেখান থেকে চলে যায়। পরে নুরে আলম কিশোরীকে প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার করে শুভকে ডাকলে সে ফিরে আসে। পরে শুভও কিশোরীকে ধর্ষণ করে এবং তার মোবাইল ফোন দিয়ে নুরে আলমকে ঘটনার ভিডিও ধারণ করতে বলে।
এরপর শাহ আলমও কিশোরীকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কিশোরীকে বাড়িতে না ফিরে যেখানে ইচ্ছা চলে যেতে বলে অভিযুক্তরা। পরে রাত ১টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ভয়ে বাড়িতে না ফিরে কিশোরী প্রথমে গোপালপুর গ্রামে এক বান্ধবীর বাড়িতে যায়। সেখানে আশ্রয় না পেয়ে পরে শিবপুর গ্রামে আরেক বান্ধবীর বাড়ির বারান্দায় রাত কাটায়। পরদিন সকালে বিষয়টি জানতে পেরে বান্ধবীর মা ওই কিশোরীর পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর থানায় মামলা করেন বাবা। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা রুজু করেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
