পাবনা মানসিক হাসপাতালে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুধেরহাট গ্রামের হাবিল মণ্ডল (৬৫), কিসমত প্রতাপপুর গ্রামের বিপুল প্রামাণিক (৪২), সুজন আলী (৪২), হেমায়েতপুর গ্রামের জুয়েল মালিথা (৩২), ওয়ারেস মোল্লা (৪০) ও হাফিজুর রহমান মাহফুজ (৪০)।
এনএসআই পাবনার উপ-পরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং তাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত হাবিল মণ্ডল, বিপুল প্রামাণিক, সুজন আলী, জুয়েল মালিথা ও ওয়ারেস মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে, হাফিজুর রহমান মাহফুজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযানে এনএসআইয়ের ১২ সদস্যের একটি দল ও পুলিশ সদস্যরা অংশ নেন।