জরাজীর্ণ ভবনে পাঠদান

চিলমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

জরাজীর্ণ ভবনে পাঠদান

ফন্ট সাইজ:

সময় মাস পেরিয়ে বছর বাড়ছে জরাজীর্ণ বিদ্যালয় ভবনে আতঙ্ক। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ক্লাস রুমের সংকটে পাঠদান চলছে গাদাগাদি করে- ফলে শিক্ষার মান ভেস্তে যেতে বসেছে। ভবনে ক্লাস রুমে বিমে ফাটল ও ছাদের বিভিন্ন স্থানে ধসে পড়লেও নেই কোনো উদ্যোগ। ভবন ঝুঁকিপূর্ণ হলেও দীর্ঘদিন থেকে সংস্কারের অপেক্ষায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়টির শিক্ষার মান বৃদ্ধি পেলেও সংকটে পড়েছে শ্রেণিকক্ষের। বিদ্যালয়ের দু’টি ভবন থাকলেও পুরাতন ভবনে ২য় তলায় উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) থাকায় নিচতলা ও তৃতীয় তলায় পাঠদান অব্যাহত ছিল। দীর্ঘদিন থেকে পুরাতন ভবন (উপজেলা রিসোর্স সেন্টার) সংস্কার না হওয়ায় তৃতীয় তলার দু’টি কক্ষের বিমে ফাটল ও ছাদের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় দুর্ঘটনা এড়াতে ক্লাস নেয়া বন্ধ হওয়ায় শ্রেণিকক্ষের সংকটের কারণে গাদাগাদি করে পাঠদান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকগণ।

একটি কক্ষে প্রয়োজনের অধিক শিক্ষার্থী ক্লাস করতে গিয়ে মনোবল ও মনোযোগ দু’টিই হারিয়ে ফেলছে- ফলে শিক্ষার মান ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে নতুন ভবনের কাজের মান ভালো না হওয়ায় সিঁড়ির বিভিন্ন স্থানে পলেস্তারা উঠে যাওয়ায় যেকোনো সময় শিক্ষার্থীরা পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকগণ। সরজমিন বিদ্যালয়ের ছাদের বিভিন্ন অংশে দীর্ঘ ফাটল, দেয়াল ও বিমে ক্ষয় এবং পলেস্তারা নষ্ট হওয়ার চিত্র দেখা যায়। বিশেষ করে ছাদের ফাটল শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। অভিভাবকদের মতে, শিশুদের শিক্ষার পাশাপাশি তাদের নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীরা জানান, একদিকে ঝুঁকিপূর্ণ ভবন অন্যদিকে ক্লাস রুমের সংকট আমাদের ক্লাস করতে সমস্যা হচ্ছে।

ঝুঁকিপূর্ণ পরিবেশ ও গাদাগাদি করে পাঠদান অব্যাহত থাকলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। স্কুল সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৪৮৭, ১২টি ক্লাস রুম প্রয়োজন থাকলেও রয়েছে ৮টি। সমস্যা ও আতঙ্কের কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের মেরামত করে শ্রেণিকক্ষ বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। ভবনের রুম ঝুঁকিপূর্ণ স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ বাড়ানো জরুরি, আমরা এ বিষয়ে চেষ্টা করছি। তিনি আরও বলেন, উপজেলা রিসোর্স সেন্টারটি সরিয়ে উপজেলা চত্বরের ভেতরে করলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ বাড়বে, সেই সঙ্গে উপজেলা রিসোর্স সেন্টারের কার্যক্রমও সুন্দর হবে।