সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারীর দায়িত্ব নিয়ে তার সন্তান প্রসব করালেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।
জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামের মামুন মণ্ডলের দুই সন্তানের জননী স্ত্রী রুমা খাতুন (৩০) কে কিছুদিন পূর্বে গর্ভবতী অবস্থায় তার স্বামী বাড়ি থেকে বের করে দেয়। গত শুক্রবার সকালে প্রসব বেদনা উঠলে তিনি শাহজাদপুরের বিভিন্ন স্থানে গিয়ে আশ্রয় পেতে ব্যর্থ হন। নেই কোনো অর্থকড়ি। শারীরিক যন্ত্রণায় যখন ছটফট করছিলেন, তখন তাকে কেউ ঠাঁই দেয়নি। ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে তিনি ওই নারীকে স্থানীয় পোতাজিয়া হাসপাতালে ভর্তি করান।
পরে সেখান থেকে পৌর সদরের ফাতেমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতে ফুটফুটে একটি কন্যাসন্তান জন্ম গ্রহণ করে। তাকে প্রথমে কোলে তুলে নেন ইউএনও সাবরিনা শারমিন। অসুস্থ রুমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার লম্পট স্বামী মামুন আমাকে গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কোনো টাকা পয়সা ছিল না। শুক্রবারে আমার প্রসব বেদনা উঠলে আমাকে কেউ ঠাঁই দেয়নি। তখন আমাকে ইউএনও স্যার সহযোগিতা করেন। তার প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ইউএনও সাবরিনা শারমিন জানান, আমি শুধুু একজন অসহায় মানুষকে সহযোগিতা করেছি মাত্র। রাস্তার কোনো মানুষকে অবহেলা করবেন না। মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। তাই তিনি সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
