চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক যেন সিএনজিচালিত অটোরিকশার অবৈধ টোকেন বাণিজ্যের এক অঘোষিত নিয়ন্ত্রণকেন্দ্র। সময় বদলেছে, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি, বদলেছে টোকেন বাণিজ্যের কৌশলও। আগে ছিল রঙিন কাগজের টোকেন, আর এখন কথিত শ্রমিক সংগঠনের আইডি কার্ড। আর এই কার্ডের আড়ালেই চলছে কাগজপত্রবিহীন সিএনজি-অটোরিকশা চলাচল, মাসিক চাঁদা আদায়। ভুক্তভোগী চালকরা বলছেন, ‘চট্টগ্রাম বেবিটেক্সি, টেম্পো ড্রাইভারস ও সহকারী ইউনিয়ন’ নামের একটি সংগঠনের আইডি কার্ডকে কার্যত মাসিক টোকেন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের অভিযোগ, নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে মিলছে না এই কার্ড। তবে কার্ড হাতে থাকলে কাগজপত্রবিহীন গাড়ি সড়কে চলাচলের একধরনের অলিখিত নিশ্চয়তা মিলছে।
অনুসন্ধানে জানা যায়, নতুন এই কার্ড বাণিজ্যের সঙ্গে জড়িত মো. হারুনুর রশিদ, মো. জাফর, বাবলু মো. জিয়া ও লাইনম্যান মামুন, মো. রিদুয়ান, তার শ্বশুর মো. ইউসুফ নামের ৬ ব্যক্তি। স্থানীয় রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে তারা মইজ্জ্যারটেক এলাকায় নতুন একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। একাধিক সিএনজি চালক ও স্থানীয় সূত্রের দাবি, আগের টোকেন বাণিজ্য বন্ধ হওয়ার পর নতুন এই কৌশলে সক্রিয় হয়েছে চক্রটি।
অনুসন্ধান বলছে, ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ার পর পদ্ধতি পরিবর্তন করে পরিচয়পত্র ব্যবহারের এই কৌশল নেয়া হয়েছে। চালকদের মতে, কার্ডটি মূলত পরিচয়পত্র হলেও মাঠপর্যায়ে এটি টোকেনের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। কার্ড দেখিয়ে চালকরা নিজেদের নির্দিষ্ট সংগঠনের সদস্য পরিচয় দেন। অনুসন্ধানে চক্রের মূলহোতা হিসেবে যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে হারুনুর রশিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। অন্যদিকে মো. জাফর কর্ণফুলী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মো. জিয়া ও লাইনম্যান মামুন, রিদুয়ান ও ইউসুফ তাদের সহযোগী হিসেবে কাজ করছেন বলে অভিযোগ চালকদের। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পদ-পদবি ও স্থানীয় প্রভাবকে পুঁজি করে মইজ্জ্যারটেক এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের পরিচয়কে সামনে রেখে চালকদের কাছ থেকে অর্থ আদায়, কার্ড বিতরণ এবং পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজ পরিচালিত হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।
চালকরা জানান, প্রতি সিএনজি অটোরিকশার জন্য মাসিক ৭০০ টাকা থেকে শুরু করে গন্তব্যভেদে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। তথ্য বলছে, মইজ্জ্যারটেক ও চাতুরী চৌমুহনী এলাকার গাড়িগুলোকে কেন্দ্র করে প্রতি মাসে প্রায় ১৮-২০ লাখ টাকা আদায় হচ্ছে। চালকদের মতে, নির্ধারিত টাকা না দিলে কার্ড দেয়া হয় না। কার্ড ছাড়া গাড়ি চালালে বিভিন্ন ধরনের বাধা ও হয়রানির আশঙ্কা থাকে। ফলে কাগজপত্রবিহীন গাড়ির চালকরা একদিকে আইনগত ঝুঁকি, অন্যদিকে, কথিত সিন্ডিকেটের আর্থিক চাপ-দুইদিক থেকেই জিম্মি হয়ে পড়ছেন। মইজ্জ্যারটেকে দায়িত্ব পালনকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক কর্মকর্তা জানান, আগে রঙিন টোকেন ব্যবহার করা হলেও এখন চালকেরা শ্রমিক সংগঠনের আইডি কার্ড দেখাচ্ছেন। তিনি বলেন, আমরা যখন গাড়ি আটক করি, তখন তারা ওইসব আইডি কার্ড দেখিয়ে বলে, এটা এখানকার গাড়ি, আমি অমুক সংগঠনের সদস্য।
পুলিশ যখন মামলা দিতে যায়, তখন চক্রের মূলহোতারা ফোন করেন কিংবা সরাসরি এসে হুমকি-ধামকিসহ গাড়ি ছেড়ে দিতে নানা ধরনের চাপ সৃষ্টি করেন। কর্ণফুলী ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. মশিউর রহমান বলেন, বিষয়টি আমিও লক্ষ্য করেছি। তবে সার্জেন্টসহ দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের স্পষ্ট বলে দিয়েছি, যেসব গাড়ির কাগজপত্র থাকবে না, সেসব গাড়ি কার্ড বা টোকেন দেখিয়ে যেন ছাড় না পায়। আমরা নিয়মিত কাগজপত্রবিহীন গাড়িগুলোকে মামলা দিচ্ছি। অনেক সময় ওইসব ভুঁইফোঁড় শ্রমিক সংগঠনের নেতারা এসে পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। তারপরও কাগজপত্রবিহীন গাড়িগুলোকে আমরা ছাড় দিই না।
