খাদ্য উৎপাদনে সম্ভাবনাময় জেলা ঝিনাইদহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাপ্তরিক কার্যক্রম ও মাঠপর্যায়ের সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলার ছয়টি উপজেলা কৃষি অফিস ও জেলা উপ-পরিচালকের কার্যালয়ে দীর্ঘদিন ধরে চলছে তীব্র জনবল সংকট। দপ্তরের অনুমোদিত পদের প্রায় এক-তৃতীয়াংশ বা ৩০ শতাংশ পদই এখন শূন্য পড়ে রয়েছে। যে কারণে কৃষকদের সঠিক সময়ে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেয়া সম্ভব হচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনবল কাঠামোর তথ্য অনুযায়ী, ঝিনাইদহের এই দপ্তরগুলোতে মোট ৩৩২টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ২৩২ জন; আর শূন্য রয়েছে ১০০টি পদ। তথ্য নিয়ে জানা গেছে, কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ‘উপ-সহকারী কৃষি কর্মকর্তা’র সংকটই দপ্তরে সবচেয়ে প্রকট।
এই পদে ২০৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৩৬ জন এবং ফাঁকা রয়েছে ৭১টি পদ। উপজেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঝিনাইদহ সদরে ২০টি, শৈলকুপায় ১৯টি, কালীগঞ্জে ১৪টি, মহেশপুরে ৯টি, হরিণাকুণ্ডুতে ৮টি এবং কোটচাঁদপুরে ১টি পদ ফাঁকা রয়েছে। অন্যান্য প্রশাসনিক ও তদারকি পদেও রয়েছে দীর্ঘদিনের শূন্যতা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১২টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৫ জন, শূন্য রয়েছে ৭টি পদ (ঝিনাইদহ সদরে দু’টি এবং কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে)। অতিরিক্ত কৃষি কর্মকর্তার ৬টি পদের মধ্যে ৫টি পূরণ হলেও ঝিনাইদহ সদরে ১টি পদ ফাঁকা রয়েছে। এ ছাড়া সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ৬টি পদের মধ্যে কোটচাঁদপুর ও মহেশপুরে দু’টি পদ শূন্য রয়েছে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত ৯ জন, আর কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে ৫টি পদ খালি রয়েছে। উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ৬টি পদের মধ্যে কোটচাঁদপুরে ১টি পদ শূন্য। স্প্রে মেকানিকের ৬টি পদের বিপরীতে মাত্র দু’জন কর্মরত থাকায় ৪টি পদই খালি (কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডু)। চতুর্থ শ্রেণির কর্মচারী ও জেলা কার্যালয়েও রয়েছে জনবল ঘাটতি। মেকানিকের ৬টি পদের মধ্যে ৪টি এবং অফিস সহায়কের ৮টি পদের মধ্যে ৪টি পদই শূন্য।
পাশাপাশি জেলা উপ-পরিচালকের কার্যালয়ে নীতিনির্ধারণী ও দাপ্তরিক কাজের গুরুত্বপূর্ণ ‘জেলা প্রশিক্ষণ কর্মকর্তা’ এবং ‘ক্যাশিয়ার’ পদ দু’টিও দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। জনবল সংকটের বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কামরুজ্জামান বলেন, ‘জনবল সংকট সত্ত্বেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। শূন্য পদগুলো দ্রুত পূরণ হলে কৃষি সেবার পরিধি আরও বাড়বে এবং কৃষকদের আরও দ্রুত ও কার্যকর সেবা দেয়া সম্ভব হবে।’
