শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগে একটি পরচুলা (শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস) কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বেপজা।
প্রতিষ্ঠানটি বছরে ১ লাখ পিস শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে অরিজিনাল সিরিজ, ক্যাপ সিরিজ, প্রিমিয়াম সিরিজ ও স্লিপ-অন সিরিজ। আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি ও সেলুনগুলোর জন্য বিশেষভাবে নকশা করা এসব পণ্য ল’রিয়েল, ওয়েলা, কাও ও হেনকেলের মতো বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডগুলোতে সরবরাহ করা হবে।
প্রতিষ্ঠানটি থেকে বছরে প্রায় ৭০ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হবে বলে আশা করা হচ্ছে। এ কারখানায় ২৯৫ জন বাংলাদেশিসহ মোট ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তিতে বেপজার পক্ষে সংস্থাটির সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং বিডি লেপাচু লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মি. হে ঝি লং স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়া এবং বেপজার ওপর আস্থা রাখার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। তিনি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বৈচিত্র্যময় খাতে বিনিয়োগে আকৃষ্ট করার বিষয়ে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে কারখানা স্থাপন ও নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিডি লেপাচু লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ঈশ্বরদী ইপিজেডে ২৭টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে এবং আরও ৮টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। এ ইপিজেড থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৭১ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এখানে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২৮৭ মিলিয়ন মার্কিন ডলার। এসব প্রতিষ্ঠানে মোট ২০ হাজার ৯২৮ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।
ঈশ্বরদী ইপিজেডে মার্কিন প্রতিষ্ঠানের ৫০ লাখ ডলার বিনিয়োগ
অর্থনৈতিক রিপোর্টার
অর্থ বাণিজ্য
৪১ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ৭ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
