ভারতের আত্মরক্ষার অধিকারকে সম্মান করতে হবে যুক্তরাষ্ট্রকে। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখতে হবে। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা যাতে আরও বৃদ্ধি না পায়, তা ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টাও চালাতে হবে। শনিবার এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ভারত ও পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে ‘মৌলিকভাবে ভিন্ন’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, নয়াদিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বৈশ্বিক স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
অন্যদিকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক মূলত আঞ্চলিক। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে ব্লিঙ্কেন বলেন, ভারত একটি বড় বৈশ্বিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বিস্তৃত কৌশলগত স্বার্থের মিল রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ব্লিঙ্কেন বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আঞ্চলিক। এমন কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখনো রয়েছে, যেখানে তাদের সঙ্গে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে। তবে এই দুটি সম্পর্ক মৌলিকভাবে ভিন্ন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা নীতি থাকতে হবে। এ বিষয়ে কোনো আপস নয়। আর এর অর্থ হলো, ভারতের আত্মরক্ষার অধিকারকে আমাদের সম্মান করতে হবে।
ব্লিঙ্কেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের নীতিতে হামলার জবাব দিতে ভারতের প্রচেষ্টার প্রতি সমর্থন থাকা উচিত। একই সঙ্গে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা যাতে আরও বৃদ্ধি না পায়, তা ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টাও চালাতে হবে। বৃহত্তর সংঘাত প্রতিরোধ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী। এসব অস্ত্র ব্যবহার করা হলে ভয়াবহ পরিণতি হতে পারে। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীত সম্পর্কের প্রসঙ্গ টেনে ব্লিঙ্কেন বলেন, স্নায়ুযুদ্ধ এবং আফগানিস্তানে যুদ্ধের সময় ওয়াশিংটনের কৌশলগত স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসন পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বের সমালোচনার ক্ষেত্রে হয়তো কম কঠোর ছিল।
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে ব্লিঙ্কেন বলেন, কয়েক দশকে দুই দেশের সম্পর্কের ব্যাপক পরিবর্তন ঘটেছে। একসময়কার বিচ্ছিন্নতা থেকে সম্পর্ক এখন প্রকৃত কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে। তার মতে, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর যোগাযোগের ওপর এই সম্পর্ক প্রতিষ্ঠিত। ব্লিঙ্কেন বলেন, আমরা বিচ্ছিন্নতা থেকে একটি প্রকৃত এবং কিছু ক্ষেত্রে অনন্য অংশীদারিত্বে পৌঁছেছি। এটি গড়ে উঠেছে কৌশলগত স্বার্থের অভিন্নতার ভিত্তিতে। অবশ্য দুই সমাজের মানুষের মধ্যে গভীর যোগাযোগও এই সম্পর্কের ভিত্তিকে শক্তিশালী করেছে।
ভবিষ্যতে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উদীয়মান প্রযুক্তির কথা উল্লেখ করেন তিনি। মহাকাশ, কোয়ান্টাম প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানান। বলেন, পরবর্তী পদক্ষেপ হলো প্রযুক্তিগত সহযোগিতা। মহাকাশ, প্রযুক্তি, কোয়ান্টাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় একসঙ্গে কাজ করার সক্ষমতা। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে ব্লিঙ্কেন দুই দেশের গভীর ঐতিহাসিক বন্ধনের কথা স্বীকার করেন। তিনি বলেন, ওয়াশিংটন নয়াদিল্লির কাছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করার প্রত্যাশা করে না। এমন কিছু ক্ষেত্র থাকবে, যেখানে আমাদের দৃষ্টিভঙ্গি এক হবে না। রাশিয়ার ক্ষেত্রে আমরা বুঝি, ভারত ও রাশিয়ার মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাই আমরা চাই না তারা সেই সম্পর্ক শেষ করুক।
ব্লিঙ্কেন পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর এর প্রভাব নিয়েও কথা বলেন। আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের ভূমিকা কীভাবে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে প্রভাবিত হতে পারে, তা নিয়ে আলোচনা করেন তিনি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক নীতি এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন দেশটির মিত্র ও অংশীদারদের সঙ্গে সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, সে বিষয়েও কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় পশ্চিম এশিয়ার সংঘাত, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর এর ঝুঁকিও উঠে আসে।
হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব নিয়েও আলোচনা করেন ব্লিঙ্কেন। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে কী ধরনের পরিণতি হতে পারে, তা তুলে ধরেন তিনি। তিনি বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং উত্তেজনা প্রশমনে কূটনীতির ভূমিকার কথা উল্লেখ করেন। অ্যান্টনি ব্লিঙ্কেন ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে যুক্তরাষ্ট্রের ৭১তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
