হাতিয়ায় ফজলুল আজিম মহিলা কলেজের নবীনবরণ

হাতিয়ায় ফজলুল আজিম মহিলা কলেজের নবীনবরণ

ফন্ট সাইজ:

দ্বীপ উপজেলা হাতিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও কলেজের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক সভাপতি ও গভর্নিং বডির দাতা সদস্য শামীমা আজিম এবং গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রকৌশলী ফারহান মোহাম্মদ আজিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. একরাম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়া হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চাও করতে হবে। একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার পাশাপাশি এসব গুণাবলির বিকল্প নেই।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজ নিজ মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ এবং দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান তারা। প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষাজীবনের প্রতিটি ধাপকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।