যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাব মার্কিন আইসিই এজেন্টের, অভিযোগ ভুক্তভোগীর

যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাব মার্কিন আইসিই এজেন্টের, অভিযোগ ভুক্তভোগীর

ফন্ট সাইজ:

টেক্সাসের একটি আটক কেন্দ্রে এক মার্কিন আইসিই এজেন্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ২১ বছর বয়সী এক লেবানিজ নারী এই অভিযোগ করেছেন। তিনি জানান, ওই এজেন্ট তাকে যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ড পাইয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে মার্কিন কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন। এই খবর দিয়েছে এনডিটিভি।

ওই নারীর নাম রাহাফ আলি আলমেরহিজ। তিনি জানান, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তা মার্কেল ওয়ালেস রেমন্ডভিলের এল ভ্যালে ডিটেনশন ফেসিলিটিতে তাকে একটি নির্জন ঘরে নিয়ে যান। সেখানে সম্মতি ছাড়াই তাকে বাজে স্পর্শ করা হয়। তিনি এই প্রস্তাবে রাজি না হলে ওই এজেন্ট তার স্বামীকে কারাদণ্ড ও দেশে ফেরত পাঠানোর হুমকি দেন। আলমেরহিজ বলেন, ওয়ালেস তাকে গ্রিন কার্ড দেয়ার প্রলোভন দেখান এবং তার স্বামীকে বুড়ো মানুষ বলে কটাক্ষ করেন।

গত ফেব্রুয়ারিতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) কাছে দেয়া এক শপথনামায় আলমেরহিজ জানান, ওয়ালেস তার শরীরের নিচের অংশ নগ্ন করে ফেলেন এবং নিজের প্যান্টও খুলতে শুরু করেন। তিনি এই কাজে সম্মতি দেননি এবং তাকে থামতে বলেন। একজন বন্দি হিসেবে আলমেরহিজ ঘর ছেড়ে যাওয়ার সাহস পাননি। ওয়ালেস তার এই অসহায় অবস্থান ব্যবহার করে তাকে চাপ দেন।

আলমেরহিজের স্বামী স্যাম ওয়াইজ জানান, তিনি আগস্টের শেষের দিকে এই হামলার কথা জানতে পারেন। তিনি জানান, আলমেরহিজ ভয়ে ও লজ্জায় বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন। তবে তিনি তার স্ত্রীর সাহসিকতার জন্য গর্বিত বলে জানান। বর্তমানে আলমেরহিজ মেক্সিকোতে বাস করছেন। অন্যদিকে আইসিই-এর মূল সংস্থা ডিএইচএস এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। তাদের এক মুখপাত্র জানান, অসদাচরণের অভিযোগগুলো তারা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করে থাকেন।