ঘটছে একের পর এক ঘটনা

জামিনে বের হয়ে ফের অপরাধে সন্ত্রাসীরা

ফন্ট সাইজ:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে একের পর এক গ্রেপ্তার হচ্ছে অপরাধীরা। উদ্ধার হচ্ছে অস্ত্র, মাদক ও অপরাধের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এরপরও রাজধানী জুড়ে অপরাধীদের দৌরাত্ম্য কমছে না। একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের কিছু দিনের মধ্যেই জামিনে বেরিয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এসব পেশাদার অপরাধীরা। কেউ কয়েক সপ্তাহের মধ্যে, কেউ আবার টাকা ঢেলে বেরিয়ে আসছে কয়েকদিনের ব্যবধানে। যা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সবশেষ ৫০ লাখ টাকা চাঁদা দাবিতে গত শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর কলেজ গেট এলাকার অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা এবং পাঞ্জাবি গায়ে এক যুবক কোমর থেকে পিস্তল বের করে ওই ফার্মেসিকে লক্ষ্য করে গুলি করছে। তার হাতে ধারালো চাপাতিও ছিল। এই ঘটনাতে নাম আসে মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী কিলার পাপ্পু ও কাইল্লা বাদলের। পুলিশের তথ্য বলছে, চাঁদাবাজি ও গুলিবর্ষণ এবং কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত হিসাবে গত ২০শে সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে এই কাইল্লা বাদল ও মাস্টার রিপনকে গ্রেপ্তার করে আনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কিন্তু মাসখানেকের মাথায়ই সে জামিনে বের হয়ে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, অনুরাগ ফার্মেসিতে গুলির ঘটনায় সে সরাসরি জড়িত। অনুরাগ ফার্মেসি এবং রেস্টুরেন্টের মালিক সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম অভিযোগ করেছেন, গত ৬ই নভেম্বর তার কাছে শীর্ষ সন্ত্রাসী পাপ্পু ও বাদলের পরিচয়ে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি করা চাঁদার টাকা না দেয়ায় তার ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে পর পর দুইদিন ককটেল বিস্ফোরণ ও সবশেষ শুক্রবার রাতে গুলি ছোড়া হয়েছে। এই ঘটনায় অনুরাগ ফার্মেসির ম্যানেজার মো. রাসেল তালুকদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত বছরের মে মাসে সেনা অভিযানে মোহাম্মদপুরের আরেক শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এই এক্সেল বাবুর নামে অন্তত ১৫ থেকে ২০টি মামলা রয়েছে। এর কিছু দিনের মাথায় জামিনে বেরিয়ে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে বাবু। সবশেষ আদাবরে এমএফএস এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় গত জুন মাসে ৬ জন সহযোগীসহ ফের এক্সেল বাবুকে গ্রেপ্তার করে এসআরবি। কিন্তু সেই এক্সেল বাবুও বর্তমানে জামিনে কারামুক্ত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

গত ৮ই জুলাই মধ্যরাতে ৬ সহযোগীসহ আদাবর এলাকার শীর্ষ সন্ত্রাসী কুত্তা ফারুককে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ। পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্‌ ফারজানা হকের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই ঘটনায় আদাবর থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এ ছাড়াও তাদের সকলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। তবে কিছু দিনের মধ্যেই জামিনে বের হয়ে আসেন এই কুত্তা ফারুক। বর্তমানে সে আগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

রাজধানীর আদাবর এলাকার আরেক আতঙ্কের নাম কব্জিকাটা আনোয়ার গ্রুপ। আদাবরের একটি দোকানে ঢুকে বিকাশের এজেন্ট শফিকুলকে কুপিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় গত ১৭ই জুন এই কব্জিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে এসআরবি’র সদস্যরা। তবে এই কব্জিকাটা গ্রুপের সাঈদও বর্তমানে জামিনে মুক্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

গত ১৮ই মার্চ মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার ৯ নম্বর সড়কে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারিম্যানকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় ইমন, শিপন, শাহাদাত ও সেলিম নামে চার অপরাধী। কিন্তু মাত্র চারদিনের মাথায় জামিনে বেরিয়ে আসে শাহাদাত। আর গ্রেপ্তার হওয়া মো. সেলিমের নামে মোহাম্মদপুর, নিউমার্কেট ও কামরাঙ্গীরচর এলাকায় ছিনতাইসহ অন্তত ১১টি মামলা থাকলেও বর্তমানে জামিনে বেরিয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে সে। চলতি বছরেই অন্তত ১০ বার গ্রেপ্তার করা হয় এই সেলিমকে। প্রতিবারই জামিনে বেরিয়েছে সে।

অন্তর্বর্তী সরকারের সময়ে তিনবার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল মোহাম্মদপুরের বসিলা এলাকার অন্যতম চাঁদাবাজ ফারুক। অন্তর্বর্তী সরকারের সময়ে অন্তত তিনবার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল সে। এরপরও জামিনে রেবিয়ে আবারো চাঁদাবাজি শুরু করে। বছিলা সিটি ডেভেলপার্স এলাকায় এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে ফারুক ও তার সহযোগীরা। চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়। একপর্যায়ে দোকানের কর্মচারীকে বৈদ্যুতিক শক দেয় ফারুক ও তার লোকজন। এরপর অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে পুরো এলাকায় ঘোরায় পুলিশ। এই ফারুকও বর্তমানে জামিনে কারমুক্ত। ফারুকের মতোই আদাবরের আবির এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া রোহান খান রাসেলের বিরুদ্ধেও তিনটি মামলার তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার করাও হয়েছিল। শোনা যাচ্ছে সেও জামিনে বের হয়ে আগের মতোই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত সেপ্টেম্বরে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া রায়হান উদ্দিনও এর আগে মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিল। সেও জামিনে বেরিয়ে আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। গত ১৬ই আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, ওয়াকিটকি ও দেশি-বিদেশি অস্ত্রসহ কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকা থেকে লালবাগ থানা পুলিশের হাতে ৭ জন সহযোগীসহ আটক হয় সরদার তৈয়ব আলী। পুলিশ বলছে, এই তৈয়ব আলীর বিরুদ্ধে অন্তত ৪৫টি মামলা রয়েছে। যতবার তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ততবার সে জামিনে বেরিয়ে আবারো অপারাধে জড়ায়। এমন অহরহ ঘটনা ঘটছে পুরো রাজধানী জুড়ে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু গ্রেপ্তার করলেই অপরাধ নির্মূল হবে না। তদন্তের মান বাড়ানো, দ্রুত অভিযোগপত্র দেয়া, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা, মামলার ধারাবাহিক তদারকি এবং জামিনে মুক্ত হওয়ার পর নতুন অপরাধে জড়িত হওয়ার তথ্য দ্রুত শনাক্ত করা জরুরি। একই সঙ্গে কিশোর ও তরুণ অপরাধীদের পুনর্বাসন, মাদকাসক্তদের চিকিৎসা এবং অপরাধী চক্রের অর্থনৈতিক উৎস বন্ধ করাও প্রয়োজন। সবচেয়ে বড় কথা, একজন অপরাধীকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করেই পুলিশের দায়িত্ব শেষ হয়ে যায় না। মামলার তদন্ত থেকে শুরু করে বিচার শেষ হওয়া পর্যন্ত প্রয়োজন ধারাবাহিক তদারকি। জামিনে মুক্ত হয়ে কেউ নতুন অপরাধে জড়ালে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, জেল থেকে বের হওয়ার পর পরই আবার অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক। আমরা লক্ষ্য করছি, কিছু অপরাধী সকালে জামিনে বের হয়ে বিকালেই আবার অপরাধে জড়িয়ে পড়ছে। এটি শুধু আইনশৃঙ্খলার জন্য নয়, সমাজের জন্যও বড় হুমকি। তিনি বলেন, অপরাধীর পরিবারের সদস্যরা যদি বারবার জামিন করিয়ে এনে তাদের অপরাধের সুযোগ করে দেন, তাহলে অপরাধ প্রবণতা কমানো কঠিন হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে দেখা যায়, অপরাধ থেকে উপার্জিত অর্থ পরিবারের সদস্যরাও ভোগ করছে। এতে তারা পরোক্ষভাবে অপরাধকে উৎসাহিত করছে কিনা সেটিও বিবেচনার বিষয়। তিনি বলেন, একজন অপরাধীকে শুধু গ্রেপ্তার করাই সমাধান নয়, তাকে সমাজে ফিরিয়ে আনতে পরিবার ও সামাজিকভাবে ইতিবাচক ভূমিকা রাখা জরুরি।

এ বিষয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ বলেছেন, আইন অনুযায়ী গুরুতর অপরাধীদের সাধারণত জামিন দেয়া হয় না। মামলার ফরওয়ার্ডিং রিপোর্ট, পর্যাপ্ত প্রমাণ ও তদন্তের মানের ওপর জামিনের বিষয়টি নির্ভর করে। অপরাধীদের দ্রুত জামিন পাওয়ার পেছনে পুলিশের দেয়া আইনি ধারার প্রয়োগ ও প্রমাণের অভাব একটি বড় কারণ। তদন্ত প্রতিবেদনের স্বচ্ছতা ও আদালতের ওপর রাজনৈতিক বা গোষ্ঠীগত প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে অপরাধীদের বারবার ছাড়া পাওয়ার এই প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অনেক ক্ষেত্রে দুর্বল ধারায় মামলা সাজানো কিংবা অপরাধের বিবরণ হালকাভাবে উপস্থাপনের কারণে প্রকৃত অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। বিষয়টি শুধু বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রত্যাশাকেও আঘাত করে। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা টিকিয়ে রাখতে হলে জামিন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও কঠোর নজরদারি নিশ্চিত করা দরকার।