গণশুনানি শুরু হবে যশোর থেকে

মানবতাবিরোধী অপরাধ

গণশুনানি শুরু হবে যশোর থেকে

ফন্ট সাইজ:

আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম ও নির্যাতনসহ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় শুরু হবে গণশুনানি। তদন্তের অংশ হিসেবে আগামী বুধবার যশোর জেলায় গণশুনানি অনুষ্ঠানের মধ্যদিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। আগামী বছরের জুলাই গণ-অভ্যুত্থান দিবসের পূর্বেই জুলাই সংশ্লিষ্ট সকল মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলোর বিচার সম্পন্নের লক্ষ্য নিয়ে এগুচ্ছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মানবজমিনকে বলেন, আমাদের গণশুনানিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিগত আওয়ামী লীগ সরকারের দ্বারা নিপীড়নের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা অংশ নেবেন। এ ছাড়া জেলায় জেলায় অনুষ্ঠিত এই গণশুনানিতে সাংবাদিক-পেশাজীবীসহ সবাই অংশ নেবেন। আমরা তাদের কাছ থেকে তথ্য নেবো, সংঘটিত মানবতাবিরোধী এসব অপরাধের বিস্তারিত শুনবো। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তদন্তকারীরা প্রতিটি ঘটনার প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করা হবে। পরে এগুলো সম্মিলিতভাবে আমরা তদন্ত করবো।

চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন এজেন্সি যৌথভাবে প্রতিটি জেলায় সরজমিন পরিদর্শন করবে। প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হবে এই গণশুনানি। সেখানে গণশুনানি নিয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো চিহ্নিত করা হবে। প্রয়োজনে অভিযুক্তদের তাৎক্ষণিক আইনের আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, গণশুনানিতে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে অপরাধীদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে। চিহ্নিত অভিযোগ ও ঘটনাগুলোর তদন্ত শেষে ট্রাইব্যুনালে এনে বিচার শুরুর উদ্যোগ নেয়া হবে। তিনি আরও জানান, এসব অভিযোগে সংশ্লিষ্ট থানায় যদি ইতিপূর্বে কোনো মামলা হয়ে থাকে, সেগুলো পর্যালোচনাও করা হবে। প্রয়োজনে অভিযোগগুলো তুলে এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত সম্পন্ন করে বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে শুনানি শুরুর পূর্বে প্রেস ব্রিফিং করে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এ ছাড়া আগামী বছরের জুলাই গণ-অভ্যুত্থান দিবসের পূর্বেই জুলাইসংশ্লিষ্ট সকল মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলোর বিচার সম্পন্নের কথা জানান তিনি।

সূত্র জানায়, গতকাল শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিম অংশ নেয়। এ ছাড়া তদন্ত সংস্থার সমন্বয়ক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠান, মুহম্মদ শহীদুল্যাহ্‌ চৌধুরীসহ তদন্ত সংস্থার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে গণশুনানি অনুষ্ঠানের প্রাথমিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

বৈঠকে উপস্থিত সূত্রটি জানায়, চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কো-অর্ডিনেটরের সমন্বয়ে একটি টিম আগামী বুধবার যশোর জেলায় যাবেন। এই টিমে প্রসিকিউশনের সদস্য ও তদন্ত সংস্থার সদস্যরাও অংশ নিবেন। এ লক্ষ্যে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টসহ যাবতীয় সহায়তা চেয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার থেকে এসব সহায়তার নিশ্চয়তা পাওয়ার পরই শুরু হবে যশোরের গণশুনানি। এভাবেই দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমিকভাবে গণশুনানি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে ২০০৮ সালের পর থেকে বিরোধী দল, জামায়াত-শিবির, বিএনপিসহ ভিন্ন মতের লোকদের গুম, খুন, ক্রসফায়ার এবং পায়ে গুলি করে চিরতরে পঙ্গু করে দিতো। সে আমলে বিরোধী দলের রেকর্ডসংখ্যক নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা ও পঙ্গু করার অভিযোগ রয়েছে। তবে সরকারের ভয়ে সে সময় কেউ মুখ খুলতে সাহস পাননি। রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব ঘটনা প্রকাশ্যে আসছে। এ ছাড়া যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার বর্তমানে ট্রাইব্যুনালে চলছে।

৬ জন সমন্বয়কের সাক্ষ্যের জবানবন্দি সম্পন্ন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৬ সমন্বয়ককে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক গুমের শিকার হন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯শে জুলাই দিবাগত রাতে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাহিদ ইসলাামকে তুলে নিয়ে গিয়েছিল এবং ২১শে জুলাই ভোরে পূর্বাচল এলাকায় ফেলে রেখে গিয়েছিল। পরে ২৬শে জুলাই শুক্রবার প্রথমে ৩ জনকে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেয়া হয়। তারা হলেন- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ ছিলেন সেখানে চিকিৎসাধীন। বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন শনিবার সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে বন্দি ছিলেন। পরে ডিবি হেফাজতে থাকাকালে ২৮শে জুলাই রাতে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা তারা দিয়েছিলেন, তা স্বেচ্ছায় দেননি বলে দাবি তাদের। সূত্র জানায়, ইতিমধ্যে এই ৬ জন সমন্বয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্যের জবানবন্দি দিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কীভাবে তাদের তুলে নেয়া হয়। ডিবি কর্তৃক তাদের তুলে নিয়ে কী ধরনের নির্যাতন করা হয় এসব ঘটনার বিস্তারিত তুলে ধরে তদন্ত সংস্থায় সাক্ষ্যের জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম মানবজমিনকে বলেন, এই অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এই মামলায় ট্রাইব্যুনালে এসে ৬ জন সমন্বয়কের সাক্ষ্যের জবানবন্দি দেয়ার কথা রয়েছে।