বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক
তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
‘দ্য মুসলিম ৫০০’-এর ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব ক্যাটাগরিতে তারেক রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় ফিরে আসে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।
নতুন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ তালিকায় বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেনও রয়েছেন।
নারীর অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিতভাবে ‘দ্য মুসলিম ৫০০’-এ স্থান পেয়ে আসছেন।
এ ছাড়া এই তালিকায় আছেন রাজিয়া সুলতানা। তিনি একজন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেছেন।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়।
তালিকার বিশেষ নিয়ম অনুযায়ী, প্রথম ৫০ জন প্রভাবশালী ব্যক্তিকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র্যাঙ্কিং করা হয়। তবে বাকি ৪৫০ জনকে কোনো নির্দিষ্ট ক্রমে না রেখে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।
