সীমান্ত জেলায় উচ্চ সতর্কতা

ফন্ট সাইজ:

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত। বাস-ট্রেনে অগ্নিসংযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ, পুলিশের যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনা ছাড়াও চলমান শ্রমিক অসন্তোষের পেছনেও দলটির সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। গত দেড় সপ্তাহে অন্তত ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অন্তত ২৫টি যানবাহনে অগ্নিসংযোগের তথ্য মিলেছে। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা যেভাবে নাশকতামূলক কর্মকাণ্ড করছে, সেভাবে ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। নাশকতার পরিস্থিতি সামাল দিতে যখন হিমশিম খাচ্ছে পুলিশ, ঠিক তখনই সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতা অবৈধভাবে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার অভিযোগ উঠেছে। এর পর থেকে নতুন করে আলোচনায় এসেছে সীমান্ত নিরাপত্তা। উদ্ভট পরিস্থিতি সামাল দিতে দেশের প্রতিটি সীমান্ত এলাকায় দায়িত্বরত পুলিশ ও বিজিবিকে কড়া নির্দেশনা দিয়ে হাই অ্যালার্ট করা হয়েছে।

সুনামগঞ্জ-১ আসনের এমপি সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকারের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে রাতারগুলের ‘স্কয়ার রিসোর্ট’-এ গোপন বৈঠকের ঘটনায় দেশের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। এ রকম পলাতক নেতা কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশে এসে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন- এ বিষয়টি সামনে এসেছে। ঘটনার খবর পুলিশ, গোয়েন্দা ও বিজিবি কেউ পায়নি। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি দেশের সকল সীমান্তবর্তী এলাকার গোয়েন্দা, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যদের আরও সতর্ক ও তৎপরতা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া, রঞ্জিত সরকারের সঙ্গে রিসোর্টে গোপন বৈঠকে অংশ নেয়া নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এ রকম অন্য কেউ যাতে অবৈধভাবে দেশে এসে বৈঠক করতে না পারেন, সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। রঞ্জিতের ঘটনা জানাজানি হওয়ার পর গত মঙ্গলবার দেশের সকল সীমান্ত জেলার এসপি, কমিশনার ও ডিআইজিদের কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন আইজিপি। বলেছেন, সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তি যেন ঢুকতে না পারে। সীমান্ত এলাকা হয়ে কারা ইন-আউট করছে, সেদিকে আরও তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। পুলিশের পাশাপাশি বিজিবিও দেশের প্রতিটি ব্যাটালিয়নকে আগের চেয়ে আরও বেশি নজরদারির নির্দেশ দিয়েছে। টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়াতে বলা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টার্গেট ঢাকা। রাজধানী শহর থেকে তারা অস্থিরতা সারা দেশে ছড়িয়ে দিতে চায়। এজন্য দেশে থাকা পলাতক নেতাকর্র্মীদের ঢাকায় আসার নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। তাদেরকে বিভিন্ন মেস, ছাত্রাবাস, হোটেল ও বাড়ি ভাড়া নিয়ে থাকা ও খাওয়ার খরচও দেয়া হচ্ছে। পাশাপাশি নাশকতামূলক কার্যক্রমে অংশগ্রহণ, ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের মতো কাজে যুক্ত হলে আরও টাকা পাচ্ছে। তার প্রমাণ হিসেবে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করে ভিডিও ধারণ করে বিদেশে পাঠাতে হয়।
এসব নেতাকর্মীরাই মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেন। সূত্রগুলো বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চেনাজানা মুখ আড়ালে রেখে নতুন বিশেষ করে ঢাকার বাইরের জেলা থেকে আনা নেতাকর্মীদের দিয়ে নাশকতা, মিছিল-মিটিং করানো হচ্ছে। এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বেশির ভাগই ঢাকার বাইরে থেকে আসা। ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ করার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তাদের কৌশল শিখিয়ে দেয়া হচ্ছে। কিন্তু গত কিছুদিন ধরে যেভাবে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে দলটির নেতাকর্মীরা পুলিশ সেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। কারণ প্রায় প্রতিদিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। বাসে অগ্নিসংযোগ করা হয়। কৌশলী নাশকতাকারীরা যেসব স্থানে সিসি ক্যামেরা নাই সেসব স্থান আগে থেকে রেকি করে ঘটনা ঘটাচ্ছে। তাই পুলিশও কারা ঘটনার সঙ্গে জড়িত সেটি যেমন বুঝে উঠতে পারছে না ঠিক তেমনি ব্যবস্থাও নিতে পারছে না।

অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা তৎপরতা নিয়ে। চলমান শ্রমিক অসন্তোষ এত বড় পর্যায়ে চলে আসবে এ নিয়ে আগাম গোয়েন্দা তথ্যর ঘাটতি ছিল। আন্দোলন বড় হওয়ার পরও এটি কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে সেটি নিয়েও গোয়েন্দা ব্যর্থতা দেখা যাচ্ছে। নাশকতার ঘটনায় পুলিশ যাদের আটক করেছে তাদের পরিচয়ও কার্যক্রম নিষিদ্ধ দলের বলে শনাক্ত করেছে পুলিশ। কিন্তু সঠিক ব্যবস্থা না নেয়ার কারণে দিন দিন এসব আন্দোলন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। পাশাপাশি চলমান ককটেল বিস্ফোরণ, নাশকতা, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায়ও পুলিশি কার্যক্রমের গতি নিয়েও প্রশ্ন উঠেছে। মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করছেন। কিন্তু একের পর এক ঘটনার পর জননিরাপত্তা নিয়ে যেমন শঙ্কার জন্ম নিচ্ছে ঠিক তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠাও দেখা দিয়েছে।
তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নাশকতামূলক কার্যক্রম যত বাড়ছে ততই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ বাড়ছে। এ ছাড়া আওয়ামী লীগ নেতা দেশে প্রবেশ করে বৈঠকের পর পরই সীমান্ত নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে এবং জোরদার করা হয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উচ্চ সতর্কতা দেয়া হয়েছে।

বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান মানবজমিনকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর সীমান্তে নিয়মিত নজরদারির পাশাপাশি ব্যাটালিয়নগুলো বাড়তি নজরদারি করছে। পাশাপাশি টহলও বাড়ানো হয়েছে। এ ছাড়া গোয়েন্দা তৎপরতাও আগের চেয়ে বাড়ানো হয়েছে। আমরা সকলের সহযোগিতায় সীমান্তে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাই।