বেসরকারি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছে অনেক পরিবার। চিকিৎসার উচ্চ ব্যয় এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এসব পরিবার। কুড়িগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতালে। এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন তিনি। নিজের সঞ্চয় শেষ হওয়ার পর জমিজমা ও বসতভিটা বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন। এরপরও চিকিৎসা শেষ হয়নি। চিকিৎসকেরা তাকে নতুন করে কেমোথেরাপি নেয়ার পরামর্শ দিয়েছেন। আব্দুর রহিম প্রায় ৩০ বছর একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০২৪ সালের শুরুতে স্থানীয় চিকিৎসকের কাছে গেলে ফুসফুসে সমস্যার কথা জানতে পারেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসেন। মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথম চিকিৎসা নেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দ্রুত চিকিৎসা নেয়ার প্রয়োজন পড়ে। চিকিৎসকের পরামর্শে তিনি বেসরকারি ডেল্টা হাসপাতালে যান।
আব্দুর রহিমের ভাষ্য, শুরু থেকেই তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেয়া হচ্ছে। এ পর্যন্ত ২১টি কেমোথেরাপি নিয়েছেন। প্রথমদিকে প্রতিটি কেমোথেরাপির জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হলেও পরে তা বেড়ে এক লাখ থেকে দেড় লাখ টাকায় দাঁড়ায়। বর্তমানে একটি কেমোথেরাপির খরচ প্রায় দেড় লাখ টাকা। এ ছাড়া ১৫টি রেডিওথেরাপি নিয়েছেন। প্রতিটির জন্য খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা।
কেমোথেরাপি ও রেডিওথেরাপির বাইরেও পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, চিকিৎসকের ফি, হাসপাতালে ভর্তি, শয্যাভাড়া ও খাবারের খরচ রয়েছে। সব মিলিয়ে ডেল্টা হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি। এত টাকা খরচের পরও পুরোপুরি সুস্থ হননি তিনি। চিকিৎসকেরা আবারও কেমোথেরাপি নেয়ার পরামর্শ দিয়েছেন।
বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা মাওয়াজ হোসেনের (৩৫) পরিবারের সামনেও একই ধরনের আর্থিক অনিশ্চয়তা। মিরপুর বাঙ্লা কলেজের শেষ বর্ষে পড়ছেন তিনি। তার মা ফাহিমা বেগমের (৪৫) স্তন ক্যানসার ধরা পড়ার পর থেকে চিকিৎসার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন পরিবারের সদস্যরা।
প্রথমে বগুড়ায় মায়ের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করান তারা। পরে বায়োপসির নমুনা ঢাকায় পাঠানো হয়। ১৭ই অক্টোবর প্রতিবেদন পাওয়ার পর ক্যানসার শনাক্ত হয়। এরপর কোথায় চিকিৎসা করাবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হয় পরিবারকে। সরকারি হাসপাতালে রোগীর চাপ এবং অস্ত্রোপচারের জন্য অপেক্ষার আশঙ্কা থেকে দ্রুত চিকিৎসা শুরু করতে তারা বেছে নেন বেসরকারি হাসপাতাল। ২৫শে অক্টোবর ডেল্টা হাসপাতালে ফাহিমা বেগমের অস্ত্রোপচার হয়। মাওয়াজের ভাষ্য, শুধু অস্ত্রোপচারের জন্যই খরচ হয়েছে অন্তত দেড় লাখ টাকা। পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও অন্যান্য ব্যয়সহ এখন পর্যন্ত তাদের মোট খরচ প্রায় চার লাখ টাকা। অস্ত্রোপচারের পর মা ও পরিবারের সদস্যরা মিরপুরে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। কিন্তু সামনে আরও দীর্ঘ চিকিৎসার প্রস্তুতি নিতে হচ্ছে তাদের।
মাওয়াজ জানান, চিকিৎসকেরা অন্তত আটটি কেমোথেরাপি নেয়ার পরামর্শ দিয়েছেন। প্রতিটির খরচ প্রায় ৪০ হাজার টাকা হিসাবে শুধু কেমোথেরাপিতেই লাগতে পারে আরও তিন থেকে চার লাখ টাকা। এরপর রেডিওথেরাপির প্রয়োজন হলে তাতেও আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা ব্যয় হতে পারে বলে তিনি ধারণা করছেন।
মাওয়াজ বলেন, ‘অস্ত্রোপচার হয়েছে, কিন্তু চিকিৎসা তো এখানেই শেষ নয়। সামনে কেমোথেরাপি ও রেডিওথেরাপি রয়েছে। এত টাকা কীভাবে জোগাড় করবো, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা। চিকিৎসা যেন টাকার অভাবে মাঝপথে বন্ধ না হয়ে যায়, সেই চেষ্টা করছি।’
তার বাবা সাধারণ ব্যবসা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত। মধ্যবিত্ত পরিবারের পক্ষে একসঙ্গে এত টাকা জোগাড় করা কঠিন। মায়ের চিকিৎসা শেষ করতে আরও কত অর্থের প্রয়োজন হবে, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন মাওয়াজ।
রাজধানীর উত্তরায় আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা হেদায়েত শেখের পরিবারের অভিজ্ঞতাও প্রায় একই। স্ত্রী নাদিরা বেগমের চিকিৎসার জন্য বাগেরহাট থেকে ঢাকায় এসেছেন তিনি। স্ত্রীর চিকিৎসায় ইতিমধ্যে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। এর বড় অংশই এসেছে ঋণ করে। বন্ধক রাখতে হয়েছে জমি।
যশোরের মণিরামপুর থেকে মাকে নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এসেছিলেন জাফর। তার মায়ের খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়েছে কয়েক মাস আগে। রেডিওথেরাপি দেয়ার জন্য সিটি সিমুলেশন পরীক্ষাও করেছেন ফয়সালের মা। এরপর থেকে শুরু হয় তাদের অপেক্ষা পালা। প্রায় ৫ মাস পেরোনোর পর অন্য একজনের সুপারিশে রেডিওথেরাপির সিরিয়াল পেয়েছেন তারা।
বাংলাদেশ মেডিক্যল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এফ ব্লকের বেজমেন্ট-২-এ বসে এসব বিষয়ে কথা বলছিলেন জাফর। পাশে বসা ছিলেন তার অসুস্থ মা ও রেডিওথেরাপির সিরিয়ালের জন্য অপেক্ষায় থাকা অন্য রোগীরা। জাফর বলেন, ৪ মাসের বেশি অপেক্ষা করে সিরিয়াল পাই নাই। আমাদের পাশের এলাকার একজনের কাছে শুনলাম রেফারেন্স থাকলে আগেভাগে সিরিয়াল পাওয়া যাবে। সেও নাকি এমনেই সিরিয়াল নিছে। পরে অনেক দৌড়াদৌড়ির পর একজনের রেফারেন্সে সিরিয়াল পেয়েছি।
রেডিওথেরাপি নিতে নরসিংদী থেকে বিএমইউ’তে আসেন আসমত আলী। সঙ্গে ছিলেন তার স্ত্রী। আসমতের ক্যান্সার ধরা পড়েছে গত বছরের শেষ দিকে। চিকিৎসা নিয়েছেন বিভিন্ন জায়গায়। সেসব জায়গায় বেশি অর্থ ব্যয় হচ্ছে বলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসেছেন তিনি। বলেন, ছয় মাস অপেক্ষার পর সিরিয়াল মিলেছে।
ক্যান্সারজনিত কারণে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। হাসপাতাল সূত্র বলছে, ক্লিনিক্যাল অনকোলোজি বিভাগে চিকিৎসা নিতে প্রতিদিন প্রায় দুই শতাধিক নতুন রোগী আসেন। তবে রোগীর সংখ্যা বেশি হওয়ায় বিএমইউ-এর এই বিভাগ থেকে দুই শিফটে প্রতিদিন প্রায় ৭০ জন রোগীকে রেডিওথেরাপি দেয়া হয়। কারণ বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রেডিওথেরাপির মেশিন লিনিয়ার অ্যাক্সিলারেটর আছে মাত্র ১টি। এজন্য রেডিওথেরাপির সিরিয়াল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রোগীদের। রেডিওথেরাপি নেয়া প্রয়োজন এমন রোগীদের কারও কারও অপেক্ষার সময় ৬ মাস ছাড়িয়েছে বলেও জানা গেছে।
প্রথমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪০ থেকে ৫০ রোগীকে রেডিওথেরাপি দেয়া হতো। রোগীর চাপ বেশি থাকায় রেডিওথেরাপির জন্য ২০২৫ সালের জুলাই মাসে দ্বিতীয় শিফট চালু করে বিএমইউ। অতিরিক্ত ২০ থেকে ২৫ জন রোগীকে থেরাপি দেয়ার উদ্দেশ্যে দ্বিতীয় শিফট চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। চলতি বছরের জুন মাসে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। মোট ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখা টাকার বাজেটের মধ্যে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৬ কোটি টাকা। এই বরাদ্দের অর্থে একটি অচল মেশিন সচল করা হবে এবং রেডিওথেরাপির জন্য ২টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপন করার কথা রয়েছে। একটি মেশিনেই দুই শিফটে এই সেবা দেয়া হচ্ছে।
