ক্যান্সারে আক্রান্ত ৫০ বছর বয়সী নূরজাহান। চিকিৎসা নিতে এসেছিলেন মহাখালীর ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। নূরজাহানকে ২৫টি রেডিওথেরাপি নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু প্রথম থেরাপির সিরিয়াল পেতেই অপেক্ষা করতে হয়েছে ৬ মাস। সরকারি নিয়ম মাফিক টাকা দিয়েও সময়মতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন নূরজাহানের ছেলে শাহজাহান। তিনি জানান, তার মায়ের থেরাপির জন্য ব্যাংকে ২১ হাজার ৫০০ টাকা জমা দিয়েছেন। দুই মাস আগে এই সিরিয়াল পাওয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি। মাঝে ৭ই নভেম্বর সরকারি ছুটির দিন তারিখ দেয়া হয়েছিল। এসে দেখেন ছুটির কারণে কার্যক্রম বন্ধ। শুধু নূরজাহানই নন। তার মতো শত শত রোগী সরকারি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিতে গিয়ে এমন ভোগান্তির শিকার হচ্ছেন। রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, ক্যান্সারের অন্যতম চিকিৎসা থেরাপি। এই থেরাপির জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এই সময়ে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। থেরাপির অপেক্ষায় থাকা রোগীর মৃত্যুও হয়।
কুমিল্লার ওমর আলী গত মঙ্গলবার মহাখালীর ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপি নিতে এসেছিলেন। এসে তিনি জানতে পারেন তার সিরিয়াল আসবে পরের সপ্তাহের রোববার। ৭০ বছর বয়সী এই রোগী জানান, মঙ্গলবার থেকেই তার থেরাপি শুরু হওয়ার কথা। কিন্তু এত দূর থেকে এসে দীর্ঘ অপেক্ষার পর জানতে পারলেন তাকে থেরাপি দেয়া হচ্ছে না।
কিশোরগঞ্জের হাছু মিয়ারও একই অভিযোগ। গত মঙ্গলবার ২৫টির মধ্যে একটি রেডিওথেরাপি নিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার অপেক্ষা করছিলেন রেডিওথেরাপি বিভাগের সামনে। তিনিও দীর্ঘ অপেক্ষার পর জানতে পারেন, তাকে থেরাপি দেয়া হচ্ছে না। হাছু মিয়া বলেন, ‘মঙ্গলবারে একটা দিছে। আইজকা আরেকটা দিবো কইছিলো। অহন কইতাছে দিবে না।’ পরে আসতে বলেছে, কিন্তু কাগজে কোনো তারিখ উল্লেখ করেনি।
এই হাসপাতালে রোগীদের এই ভোগান্তির পেছনে যন্ত্রপাতির পাশাপাশি রেডিওথেরাপির যন্ত্রের (লিনিয়ার অ্যাক্সিলারেটর) ঘাটতি রয়েছে। এ ছাড়া, কাঙ্ক্ষিত জনবল নেই বলে জানিয়েছেন উপ-পরিচালক ডা. আবু হেনা মোস্তফা জামান। তিনি মানবজমিনকে বলেন, আমাদের ফাংশনিং লিনিয়ার অ্যাক্সিলারেটর সচল রয়েছে দুইটা। আর বাকিগুলো আগে থেকেই অচল হয়ে পড়ে আছে। সচল দু’টি দিয়েই চিকিৎসা কার্যক্রম চলছে। তবে সরকারিভাবে আরও একটি মেশিন দেয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় ঔষধনাগার সিএমএসডি এর মাধ্যমে এটি দ্রুতই পেয়ে যাবো আশা করছি। আর সরকারের পক্ষ থেকে ১৭ বা ১৮টি মেশিনের যে বড় প্রকল্প নেয়া হয়েছে সেটা সময়সাপেক্ষ ব্যাপার। এ ছাড়া, আমরা এই হাসপাতালের রাজস্ব থেকে একটি মেশিন কেনার কথা ভাবছি। যন্ত্রপাতি স্বল্পতার কারণে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রোগীদের রেডিওথেরাপি নেয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে ৬ থেকে ৮ মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে জামালপুরের সরিষাবাড়ি থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এসেছিলেন জালাল ফকির। গত বৃহস্পতিবার প্রথম রেডিওথেরাপি পেয়েছেন তার স্ত্রী। যদিও চিকিৎসার এ পর্যায়ে আসতে তার অপেক্ষার সময়টাও ছিল বেশ দীর্ঘ। জালাল ফকির বলেন, ‘তারা ফোন নম্বর নিয়া কইছিলো কল দিবো। কিন্তু আমরা ফোন পাই নাই। এখানে খুঁজ নিতে আইছি পরে কয়, তারা কল দিছে কিন্তু আমরা ধরি নাই। কিন্তু আমি কোনো ফোন পাই নাই। এ কারণে আমার আরও দুই মাস বেশি সময় লাগতাছে।’
যশোরের মণিরামপুর থেকে মাকে নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এসেছিলেন জাফর। তার মায়ের খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়েছে কয়েক মাস আগে। রেডিওথেরাপি দেয়ার জন্য সিটি সিমুলেশন পরীক্ষাও করেছেন ফয়সালের মা। এরপর থেকে শুরু হয় তাদের অপেক্ষা পালা। প্রায় ৫ মাস পেরোনোর পর অন্য একজনের সুপারিশে রেডিওথেরাপির সিরিয়াল পেয়েছেন তারা।
বাংলাদেশ মেডিক্যল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এফ ব্লকের বেজমেন্ট-২-এ বসে এসব বিষয়ে কথা বলছিলেন জাফর। পাশে বসা ছিলেন তার অসুস্থ মা ও রেডিওথেরাপির সিরিয়ালের জন্য অপেক্ষায় থাকা অন্য রোগীরা। জাফর বলেন, ৪ মাসের বেশি অপেক্ষা করে সিরিয়াল পাই নাই। আমাদের পাশের এলাকার একজনের কাছে শুনলাম রেফারেন্স থাকলে আগেভাগে সিরিয়াল পাওয়া যাবে। সেও নাকি এমনেই সিরিয়াল নিছে। পরে অনেক দৌড়াদৌড়ির পর একজনের রেফারেন্সে সিরিয়াল পেয়েছি।
রেডিওথেরাপি নিতে নরসিংদী থেকে বিএমইউ’তে আসেন আসমত আলী। সঙ্গে ছিলেন তার স্ত্রী। আসমতের ক্যান্সার ধরা পড়েছে গত বছরের শেষ দিকে। চিকিৎসা নিয়েছেন বিভিন্ন জায়গায়। সেসব জায়গায় বেশি অর্থ ব্যয় হচ্ছে বলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসেছেন তিনি। বলেন, ছয় মাস অপেক্ষার পর সিরিয়াল মিলেছে।
ক্যান্সারজনিত কারণে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। হাসপাতাল সূত্র বলছে, ক্লিনিক্যাল অনকোলোজি বিভাগে চিকিৎসা নিতে প্রতিদিন প্রায় দুই শতাধিক নতুন রোগী আসেন। তবে রোগীর সংখ্যা বেশি হওয়ায় বিএমইউ-এর এই বিভাগ থেকে দুই শিফটে প্রতিদিন প্রায় ৭০ জন রোগীকে রেডিওথেরাপি দেয়া হয়। কারণ বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রেডিওথেরাপির মেশিন লিনিয়ার অ্যাক্সিলারেটর আছে মাত্র ১টি। এজন্য রেডিওথেরাপির সিরিয়াল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রোগীদের। রেডিওথেরাপি নেয়া প্রয়োজন এমন রোগীদের কারও কারও অপেক্ষার সময় ৬ মাস ছাড়িয়েছে বলেও জানা গেছে।
প্রথমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪০ থেকে ৫০ রোগীকে রেডিওথেরাপি দেয়া হতো। রোগীর চাপ বেশি থাকায় রেডিওথেরাপির জন্য ২০২৫ সালের জুলাই মাসে দ্বিতীয় শিফট চালু করে বিএমইউ। অতিরিক্ত ২০ থেকে ২৫ জন রোগীকে থেরাপি দেয়ার উদ্দেশ্যে দ্বিতীয় শিফট চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। চলতি বছরের জুন মাসে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। মোট ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখা টাকার বাজেটের মধ্যে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৬ কোটি টাকা। এই বরাদ্দের অর্থে একটি অচল মেশিন সচল করা হবে এবং রেডিওথেরাপির জন্য ২টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপন করার কথা রয়েছে। একটি মেশিনেই দুই শিফটে এই সেবা দেয়া হচ্ছে।
