নবীগঞ্জে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ১১ই নভেম্বর অনুষ্ঠিত হয়। এ সময় কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ জুলফিকার আলী। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ লে. কর্নেল জাহিদ সারোয়ার আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন। সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক এম ফজলে এলাহী, সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমিন আক্তার। একাধিকবার দেশের সেরা এবং টপটেন স্কুল অ্যান্ড কলেজ হিসেবে পরিচিত ওই প্রতিষ্ঠান ২০২৬ সালেও কৃতিত্ব দেখিয়েছে।
এ বছর ৪৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬২ জন জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ জুলফিকার আলী বলেন, শৃঙ্খলা আর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে সাফল্য অবধারিত। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের পরবর্তী প্রতিটি ধাপে সততা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। এবারের কৃতী শিক্ষার্থীদের মধ্যে নাঈমা তালুকদার নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিতের দ্বিতীয় কন্যা। নাঈমা ভবিষ্যতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের সেবা করতে চায়।
