৫ই আগস্টের আগে-পরে ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে নিরাপদে আশ্রয় নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় ফিরতে শুরু করেছেন। গত কয়েক মাসে অসংখ্য নেতাকর্মী নিজ নিজ এলাকায় ফিরেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তবে দলটির অনেকেই এখনো ভারতসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এলাকায় ফিরে অনেকে জেল খেটে স্বাভাবিক জীবনযাপন করছেন। আবার অনেক নেতাকর্মী মামলার আইনি জটিলতা মোকাবিলায় আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ৫ই আগস্টের পর থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ সিনিয়র নেতারা দেশেই অবস্থান করছেন। জেলার সবক’টি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকও দেশের মধ্যেই রয়েছেন। সাবেক মেয়র মাহবুবুর রহমান চৌধুরী কিছুদিন ভারতে থাকলেও এখন তিনিও দেশে ফিরে এসেছেন বলে জানা গেছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন জানান, নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মী এলাকায় ফিরবেন। যারা এলাকায় ফিরেছেন তারা মামলার আইনি প্রক্রিয়া, আত্মসমর্পণের সময় এবং পরবর্তী করণীয় নিয়ে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে জেল খেটে এলাকায় অবস্থান করছেন। অনেকে মামলার ধরন, আসামির অবস্থান, আত্মসমর্পণের পর জামিনের সম্ভাবনা এবং অন্যান্য আইনি পদক্ষেপ নিয়ে পরামর্শ নিচ্ছেন। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন বলেন, কক্সবাজারের মাটিতে ধূমকেতুর মতো জাগ্রত হবে ছাত্রলীগ। সূত্র মতে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অনেকে আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। এ কারণে সম্ভাব্য আত্মসমর্পণকারীদের মধ্যে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার নথিপত্র সংগ্রহের তৎপরতা বেড়েছে। তবে কারা ঠিক কোন তারিখে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অন্তত কয়েক হাজার ব্যক্তি ইতিমধ্যে কক্সবাজারে ফিরেছে।
তাদের কেউ এলাকায় অবস্থান করছেন, আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় উঠেছেন। অপরদিকে আওয়ামী লীগ প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। পরিস্থিতি বিবেচনায় সামনে আরও কঠোর ও জোরালো অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী। মূলত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। ডিসেম্বরকে টার্গেট করে প্রতিরাতে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে মিলিত হচ্ছে নেতাকর্মীরা। এসব আলোচনায় নেতাকর্মীদের সক্রিয় রাজনীতি করার ওপর জোর দিচ্ছেন নেতারা। নিজেদের মধ্যে অন্তঃদ্বন্দ্ব ও গ্রুপিং থাকলেও শেখ হাসিনার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, দু’টি গ্রুপে বিভক্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন সাবেক ছাত্রনেতারা।
