রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আগামী এক বছরের মধ্যে কয়েকশ’ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। বর্তমানে এলাকার ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে। ভবিষ্যতে ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করছে সরকার। বর্তমানে বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে ১৫টি স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের ও দূর থেকে ছবি বড় করে দেখার সুবিধাযুক্ত ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এসব ক্যামেরার সংখ্যা কয়েকশ’তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট থানা-পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে।
ববি হাজ্জাজ বলেন, জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষ ধরনের গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে। ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যুক্ত করা হবে।
বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ পুলিশের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, এ সমস্যা সমাধানে এআইনির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে দ্রুত সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা করা হবে।
