সৌদি আরব ‘ভেঙে পড়ছে’

ট্রাম্পের বিস্ফোরক দাবি

সৌদি আরব ‘ভেঙে পড়ছে’

ফন্ট সাইজ:

সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরব যখন চাপে রয়েছে, তখন ট্রাম্পের এমন মন্তব্য দেশটির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব সম্পর্কে এমন মন্তব্যের পাশাপাশি ইরানকে মাত্র তিন দিনে ধ্বংস করে দেয়ার সক্ষমতা রয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প।

তার ভাষ্য, ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে দেশটিকে অচল করে দিতে পারেন তিনি। তবে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ নিজেদের দুর্বলতার কারণে তাকে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে বলেছে।

স্টিফেন এ স্মিথকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি যদি তাদের ধ্বংস করতে চাই, তাহলে এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানতে পারি। তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে, প্রতিদিন একটি করে।’

সৌদি আরব সম্পর্কে তিনি বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এমনই থাকতে দিই। কারণ, তারা ভেঙে পড়ছে।’
ট্রাম্প আরও বলেন, ‘কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন—সব দেশই বরং আরও কিছুদিন অপেক্ষা করতে চায়।’

উপসাগরীয় দেশগুলোর ওপর, বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর নিজের প্রভাব ও নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে ট্রাম্পের দম্ভ প্রকাশ এবারই প্রথম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সৌদি আরব নিরাপত্তার নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।

গত মার্চে ইরান যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করেছিল, তখনও সৌদি যুবরাজকে নিয়ে কটাক্ষ করেছিলেন ট্রাম্প।

তিনি বলেছিলেন, ‘সে (এমবিএস) ভাবেনি যে এমনটা ঘটবে। সে ভাবেনি যে তাকে আমার কাছে তোষামোদ করতে হবে। সে ভেবেছিল, আগের মতোই আরেকজন ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট আসবেন। কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে।’