ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিশ্চিত করলো ভারত। এ নিয়ে ১৫ আসরের মধ্যে ১৪ বারই ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করলো তারা।
প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যাওয়া ভারত বিরতির পর ভুটানের পাল্টা আক্রমণে চাপে পড়ে। এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিতও দেয় ভুটান। তবে সমতায় ফেরার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পারেনি দলটি। ১৮ বছর পর সেমিফাইনালে উঠে প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্নও ভেঙে যায় তাদের।
এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ভারতের। অষ্টম মিনিটে নিখিল প্রভুর বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিষ্ণু। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক চিংলেনসানা সিং। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ভুটান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। ৪৮তম মিনিটে ভারতের ডি-বক্সে ফ্রি-কিক থেকে তৈরি হওয়া জটলার মধ্যে শট নেন অভিজ্ঞ ফরোয়ার্ড চেনচো গিয়েলশেন। সেই বল পেয়ে ফাঁকা জালে পাঠান কিনজাং তাশি তোবদেন। সহকারী রেফারি প্রথমে অফসাইডের পতাকা তুললেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে গোলের স্বীকৃতি দেন রেফারি। সাফের ইতিহাসে ভিএআরের প্রথম হস্তক্ষেপেই গোলের উল্লাসে মাতে ভুটান।
এরপর ৬৫তম মিনিটে আবারও ভিএআরের দ্বারস্থ হতে হয় রেফারিকে। বদলি খেলোয়াড় ইরফান যাদওয়াদের বাঁ প্রান্ত থেকে করা ক্রসে ডি-বক্সে বল হাতে লাগে নিমা ওয়াংদির। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভারতের সুহাইল আহমেদ ভাট যখন স্পটকিক নিতে প্রস্তুত, তখন অন-ফিল্ড মনিটরে রিপ্লে দেখার নির্দেশ পান রেফারি। পর্যালোচনা শেষে আগের সিদ্ধান্ত বদলে পেনাল্টি বাতিল করেন তিনি। এতে বড় স্বস্তি ফিরে পায় ভুটান।
আগামী মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত।
