শুক্রবার কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হতে আরও সময় লাগছে। এ কারণে শনিবারও ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করছেন যাত্রীরা। ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, দেশটিতে আসা ও দেশটি থেকে ছেড়ে যাওয়া ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া আরও ৩০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যে আরও বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, দেশটিতে আসা ও দেশটি থেকে ছেড়ে যাওয়া ৭ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে ৮ হাজারের বেশি ফ্লাইট। শুক্রবার সন্ধ্যায় কিছু বিমান আবার চলাচল শুরু করেছে। বড় বিমান সংস্থাগুলোও জানিয়েছে, তারা ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে যাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, সপ্তাহান্তজুড়েও ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত থাকতে পারে। বাতিল ও আটকে থাকা উড়োজাহাজের জট কাটানো এবং ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় ক্রু বা কর্মীদের ব্যবস্থা করতে বিমান সংস্থাগুলোকে সময় নিতে হচ্ছে। ফলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রে শনিবারও বাতিল ২ হাজারের বেশি ফ্লাইট
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ ঘন্টা আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ৩ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
