গাইবান্ধায় কুলখানির খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

গাইবান্ধায় কুলখানির খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটায় কুলখানির খাবার খেয়ে পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। তাঁদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। অন্যরা গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। শনিবার সকালে সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর রাত ১১টার দিকে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বোনারপাড়া ইউনিয়নের কালপানি এলাকার আব্দুল বাবলু ব্যাপারীর ছেলে জাহিদুল ইসলাম। তার মৃত্যুতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কালপানি নয়াপাড়া গ্রামে কুলখানির আয়োজন করা হয়। ওই আয়োজনে খাবার খাওয়ার পর থেকেই অতিথিদের মধ্যে অসুস্থতা দেখা দিতে শুরু করে। প্রথমে তাঁদের পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হয়।

পরে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে থাকলে তাদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। কুলখানির খাবার খেয়ে অসুস্থ হওয়া আশিক মিয়া বলেন, খাবার খাওয়ার পর থেকেই পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আফতাব আলীও ওই আয়োজনের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন। তিনি বলেন, প্রায় এক হাজার মানুষের আয়োজন ছিল। আমি অনেকের খোঁজখবর নিয়েছি। তাঁদের অনেকেই অসুস্থ। আমার ধারণা ৫০০ থেকে ৬০০ মানুষ অসুস্থ হয়ে থাকতে পারেন। বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এত মানুষের আয়োজন করতে গিয়ে কী থেকে কী হয়ে গেল। অবশ্যই তাঁদের আরও সতর্কতার সঙ্গে আয়োজন করা উচিত ছিল।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স মাহমুদা আকতার বলেন, আমাদের এখানে দুজন রোগী ভর্তি আছেন। তাঁদের পেটে ফুড পয়জনিং হয়েছে। সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরও বলেন, রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ট্যাবলেটসহ অন্যান্য ওষুধও সরবরাহ করা হয়েছে।