রাজনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাজনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মিনাজ মিয়াকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। শুক্রবার বিকালে রাজনগর উপজেলা ছাত্রদলের নেতা মাহবুব আল জামালের করা মামলায় তাকে আটক করা হয়েছে। এর আগে পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমদ স্বপনকেও তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ই নভেম্বর ভোররাতে মৌলভীবাজার-রাজনগর-সিলেট আঞ্চলিক সড়কের রাজনগর অংশের একটি স্থানে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এদিকে, উপজেলার চাটুরা ও নন্দীউড়া এলাকায় সড়কের উপর গাছ কেটে ফেলে রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ দু’টি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। এ ঘটনায় রাজনগর উপজেলা ছাত্রদল নেতা মাহবুব আল জামাল বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ ১০৭ জনকে আসামি করেন। মামলায় উল্লেখ করা হয়, বিবাদীগণসহ অজ্ঞাতনামা ৮০/৯০ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে সর্বদা লিপ্ত। উল্লেখিত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যগণ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে জনসাধারণের ক্ষতি করার লক্ষ্যে ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এ ব্যাপারে রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, মিরাজ এ মামলার ৯ নম্বর আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।