কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। এবার সেই গ্যাস নিয়ন্ত্রণে এনে সম্ভাব্য উত্তোলনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ লক্ষ্যে ঘটনাস্থলে নেয়া হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপসহ খনন ও গ্যাস নিয়ন্ত্রণের প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শুরু হতে পারে নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম। গতকাল সকাল থেকে লরি ও ক্রেনের সাহায্যে এসব সরঞ্জাম ঘটনাস্থলে নেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে- গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ, আগুন নেভানো এবং পরবর্তী সময়ে গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়টি সামনে রেখে এ প্রস্তুতি চলছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, গ্যাস নির্গমন ও আগুনের ঘটনার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বলেন, বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। তারা আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী ধাপে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সম্ভাবনা যাচাই করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের মজুত থাকতে পারে। টানা ১৮ দিন ধরে প্রায় একই ধরনের চাপ ও প্রবাহে গ্যাস বেরিয়ে আসার বিষয়টি বড় ধরনের গ্যাসের আধার থাকার সম্ভাবনাকে সামনে এনেছে। তবে- ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গ্যাসের প্রকৃত মজুত কিংবা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা, তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। বর্তমানে দেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুত পাওয়া গেলে এবং বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমানোর নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। উল্লেখ্য, গত ২৭শে অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলাকালে প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস বেরিয়ে আসে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে অনবরত গ্যাস নির্গমন ও আগুন জ্বলছে। ঘটনার পর বাপেক্স, পেট্রোবাংলা, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
