নির্বাচনী ভরাডুবির পর কোন পথে রিপাবলিকান রাজনীতি?

কাউসার মুমিনের লেখা

নির্বাচনী ভরাডুবির পর কোন পথে রিপাবলিকান রাজনীতি?

ফন্ট সাইজ:

২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এই নির্বাচনের ফল ওয়াশিংটনের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে এবং যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। অন্যদিকে, কংগ্রেস, গভর্নর পদ এবং বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক আসন হারিয়েছে রিপাবলিকানরা। এটি শুধু মধ্যবর্তী নির্বাচনে সাধারণ পরাজয় নয়; বরং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নেতৃত্বের প্রতি বাড়তে থাকা অসন্তোষের ইঙ্গিত। ১১ নভেম্বরের মূল্যায়নে ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট’ মূল্যস্ফীতি, অর্থনীতি নিয়ে অসন্তোষ এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধকে রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে। এখন মূল প্রশ্ন হলো, রাজনৈতিক কৌশল পরিবর্তন করে দলটি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ‘আমেরিকাকে আবার মহান করে তোলার’ রাজনৈতিক আন্দোলন বা 'মাগা' আন্দোলনের আদর্শিক রাজনীতিতে আরও গভীরভাবে জড়িয়ে পড়বে।

প্রায় এক দশকে ট্রাম্প রিপাবলিকান পার্টিকে একটি প্রচলিত রক্ষণশীল রাজনৈতিক দল থেকে নিজের নেতৃত্বকেন্দ্রিক জনতুষ্টিবাদী ও জাতীয়তাবাদী আন্দোলনে রূপ দিয়েছেন। প্রার্থী মনোনয়ন, তহবিল সংগ্রহ, কংগ্রেসে দলীয় আনুগত্য এবং নীতিনির্ধারণ—সব ক্ষেত্রেই তার প্রভাব বেড়েছে। মাগা আন্দোলন ধীরে ধীরে ঐতিহ্যবাহী রক্ষণশীলদের জায়গা দখল করেছে। তাদের মধ্যে রয়েছেন রাজস্বনীতির রক্ষণশীল, আন্তর্জাতিকতাবাদী এবং প্রাতিষ্ঠানিক রক্ষণশীলরা। তারা সীমিত সরকার, সাংবিধানিক সংযম এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক জোটের ওপর গুরুত্ব দিতেন। ব্রুকিংস ইনস্টিটিউটের ২০২৬ সালের জুন মাসের এক বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের মে মাসে সাধারণ রিপাবলিকান সমর্থকদের ৬২ শতাংশ নিজেদের মাগা রিপাবলিকান হিসেবে পরিচয় দিয়েছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে এই হার ছিল ৩৮ শতাংশ। এই ঐক্য ট্রাম্পের ওপর দলের নিয়ন্ত্রণ শক্তিশালী করলেও দলের ভেতরের বিভাজন আরও বাড়িয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয় এই রাজনৈতিক কৌশলের একটি বড় দুর্বলতা সামনে এনেছে: রিপাবলিকান পার্টির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেই জাতীয় নির্বাচনে জয় নিশ্চিত হয় না। মাগা আন্দোলন নিবেদিতপ্রাণ রক্ষণশীল ভোটারদের সংগঠিত করতে পারলেও স্বতন্ত্র ভোটার, শহরতলির মধ্যপন্থী এবং তরুণ ভোটারদের বৃহত্তর সমর্থন পায়নি। রিপাবলিকান প্রার্থীদের ক্রমেই অজনপ্রিয় হয়ে ওঠা প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলের পক্ষে সাফাই দিতে হয়েছে। ফলে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় তুলে ধরার সুযোগও কমে গেছে।

অর্থনৈতিক অসন্তোষ রিপাবলিকানদের জন্য বিশেষভাবে ক্ষতিকর হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তার বড় ভিত্তি ছিল জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। কিন্তু মূল্যস্ফীতি, জ্বালানির ব্যয় এবং বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা সেই প্রতিশ্রুতিকে দুর্বল করেছে। ইরানের বিরুদ্ধে প্রশাসনের সামরিক অভিযান অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করেছে। এতে জ্বালানির দাম বেড়েছে এবং দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকার থেকে মনোযোগ সরে গেছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট অর্থনৈতিক অসন্তোষ ও পররাষ্ট্রনীতিসংক্রান্ত উদ্বেগকে ডেমোক্র্যাটদের বিজয়ের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরাজয়ের পর রিপাবলিকানদের মধ্যে প্রশ্ন উঠেছে—ট্রাম্প নিজেই কি দলের নির্বাচনী সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন? ৮ নভেম্বর প্রকাশিত রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে মাগা সমর্থকদের সাক্ষাৎকার এবং ১২ হাজার ৮৫০টিরও বেশি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, পর্যালোচনাধীন স্বঘোষিত মাগা সমর্থকদের এক-পঞ্চমাংশেরও বেশি নির্বাচনের পর আন্দোলনের নেতৃত্ব ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই গোষ্ঠীর প্রায় অর্ধেক মাগাকে সমর্থন করলেও আন্দোলনের নেতা হিসেবে ট্রাম্পের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের উদ্বেগের মধ্যে রয়েছে অর্থনৈতিক হতাশা, ইরান যুদ্ধ, সরকারের কথিত দুর্নীতি এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা। এসব তথ্য মাগা আন্দোলনের পতন প্রমাণ করে না; তবে আন্দোলনের ভেতরে ট্রাম্পের নেতৃত্ব যে ক্রমেই সমালোচনার মুখে পড়ছে, তা স্পষ্ট করে।

ফলে রিপাবলিকান পার্টির ভেতরে দুটি প্রতিদ্বন্দ্বী অবস্থান দেখা যাচ্ছে। প্রথম পক্ষ ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রেখে কিছু কৌশলগত পরিবর্তন চায়। তারা কঠোর অভিবাসননীতি, অর্থনৈতিক জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক রক্ষণশীলতা বজায় রেখেই জীবনযাত্রার ব্যয় ও শ্রমজীবী মানুষের উদ্বেগকে বেশি গুরুত্ব দিতে চায়। অন্য পক্ষ মনে করে, ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তার ওপর নির্ভরতা কমিয়ে দলকে আরও স্থিতিশীল শাসনের উপযোগী রাজনৈতিক পরিচয়ে ফিরতে হবে।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পরও রিপাবলিকান পার্টিতে মাগা কট্টরপন্থীদের প্রভাব কমেনি; বরং বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে অভিবাসননীতির কট্টর সমর্থক স্টিফেন মিলারকে গুরুত্বপূর্ণ নেতৃত্বে এনেছেন। ডেমোক্র্যাটদের অভিশংসন উদ্যোগের বিরুদ্ধে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতিও তার সমর্থন অব্যাহত রয়েছে। মিলারের পদোন্নতি প্রশাসনে আদর্শিক আনুগত্য ও কঠোর নীতির ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। অন্যদিকে, হাউস ফ্রিডম ককাসের প্রতিষ্ঠাতা সদস্য ও কট্টরপন্থী কংগ্রেসম্যান জিম জর্ডান ১০৬–৭৩ ভোটে অপেক্ষাকৃত মধ্যপন্থী রিপাবলিকান স্টিভ স্ক্যালিসকে হারিয়ে হাউস রিপাবলিকান নেতা নির্বাচিত হন। এসব ঘটনা দেখায়, নির্বাচনী পরাজয়ের পরও ট্রাম্পের প্রতি আনুগত্য এবং মাগার রাজনৈতিক প্রভাব দলের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে শক্ত অবস্থান ধরে রেখেছে।

ট্রাম্পের কঠোর অভিবাসননীতির অন্যতম প্রধান রূপকার স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে বোঝা যায়, প্রশাসন আপাতত আদর্শিক অবস্থান থেকে সরে এসে মধ্যপন্থা গ্রহণ করতে চাইছে না। মাগা কি ট্রাম্পের ব্যক্তিগত নেতৃত্বের ওপর নির্ভরতা কমাবে, নাকি আরও গভীরভাবে জাতীয়তাবাদী ও আদর্শিক অবস্থানের দিকে এগোবে—তা নিয়ে বিতর্ক চলছে।

এখানে ট্রাম্পবাদ ও মাগা আন্দোলনের পার্থক্য বোঝা জরুরি। ট্রাম্পবাদ মূলত ট্রাম্পের ব্যক্তিগত নেতৃত্ব ও শাসনপদ্ধতির সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, মাগা এখন একটি বিস্তৃত রাজনৈতিক জোটে পরিণত হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক জাতীয়তাবাদ, কঠোর অভিবাসননীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাস এবং প্রগতিশীল সামাজিক নীতির বিরোধিতা। লন্ডন স্কুল অব ইকোনমিকসের রাষ্ট্রবিজ্ঞানী টমাস গিফট যুক্তি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনে পরাজয় ট্রাম্পবাদের প্রভাব দুর্বল করতে পারে, কিন্তু তাতে মাগা আন্দোলনের অবসান অনিবার্য নয়। বরং রিপাবলিকান পার্টির কিছু অংশ আরও কঠোর আদর্শিক অবস্থান নিতে পারে। অর্থাৎ, নির্বাচনী পরাজয় মানেই রাজনৈতিক মধ্যপন্থায় ফিরে আসা নয়।

রিপাবলিকান দলের প্রতিষ্ঠিত নেতৃত্ব এখন কঠিন কৌশলগত দ্বিধার মুখে। রোনাল্ড রিগ্যানের ঐতিহ্যবাহী রক্ষণশীল রাজনীতিতে ফিরে গেলে ব্যবসাবান্ধব রিপাবলিকান, আন্তর্জাতিকতাবাদী এবং মধ্যপন্থী ভোটারদের আস্থা ফিরে পাওয়া সম্ভব হতে পারে। কিন্তু এতে দলের বর্তমান মূল ভিত্তি হয়ে ওঠা জনতুষ্টিবাদী ভোটারদের একটি অংশ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে। কম কর, রাজস্ব শৃঙ্খলা, মুক্তবাজার অর্থনীতি, জাতীয় প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক নেতৃত্ব—ঐতিহ্যবাহী রিপাবলিকানদের এসব অগ্রাধিকার এখনো গুরুত্বপূর্ণ। তবে মাগার অর্থনৈতিক জাতীয়তাবাদ ও প্রতিষ্ঠানবিরোধী রাজনীতির সঙ্গে এসব নীতির সম্পর্ক এখনো স্পষ্ট নয়।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসবে, এই দ্বন্দ্ব তত বাড়বে। ট্রাম্পের পর দলের নেতৃত্বের লড়াইয়ে সম্ভাব্য দুই গুরুত্বপূর্ণ নাম হলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভ্যান্স মাগা সমর্থকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। অন্যদিকে, রুবিওর পররাষ্ট্রনীতিতে অভিজ্ঞতা রয়েছে এবং তিনি রিপাবলিকানদের ঐতিহ্যবাহী জাতীয় নিরাপত্তা দৃষ্টিভঙ্গির কাছাকাছি। তবে দুজনই ট্রাম্প প্রশাসনের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভ্যান্সের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সংবাদমাধ্যমের আলোচনা থেকে বোঝা যায়, নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। মূল অনিশ্চয়তা হলো, ট্রাম্প কি সত্যিকারের নেতৃত্ব পরিবর্তনের সুযোগ দেবেন, নাকি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নে নিজের নির্ণায়ক প্রভাব ধরে রাখার চেষ্টা করবেন?

এদিকে, ২০২৭ সালের জানুয়ারি থেকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় রিপাবলিকানদের নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হবে। হোয়াইট হাউস নিজেদের হাতে থাকলেও তাদের ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের বিরোধিতা করতে হবে। রিপাবলিকান আইনপ্রণেতাদের সিদ্ধান্ত নিতে হবে—তারা প্রশাসনের পক্ষেই থাকবেন, ডেমোক্র্যাটদের সঙ্গে বেছে বেছে সহযোগিতা করবেন, নাকি কংগ্রেসের স্বাধীন ভূমিকা আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করবেন। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ তদন্ত ও তদারকির সুযোগ তৈরি করবে। তবে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা বহাল থাকবে। সেই ভেটো অগ্রাহ্য করতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের নেই। তা সত্ত্বেও রিপাবলিকান আইনপ্রণেতাদের ওপর প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর হাতিয়ার না হয়ে স্বাধীন সাংবিধানিক বিচারবোধ দেখানোর চাপ বাড়বে।

এই সংকট দলের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও পররাষ্ট্রনীতি নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে। একজন নেতার ওপর অতিরিক্ত নির্ভরতা দলের অভ্যন্তরীণ মতপার্থক্য সামাল দেওয়া, নতুন নেতৃত্ব তৈরি করা এবং প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা ধরে রাখার সক্ষমতা দুর্বল করতে পারে। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি ঐতিহ্যবাহী রিপাবলিকান আন্তর্জাতিকতাবাদকেও চ্যালেঞ্জ করেছে—বিশেষ করে প্রতিষ্ঠিত জোট, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের ক্ষেত্রে। ইরান যুদ্ধ অনাক্রমণবাদী বা সামরিক হস্তক্ষেপবিরোধী রক্ষণশীলদের সঙ্গে প্রশাসনের দূরত্ব বাড়িয়েছে। অন্যদিকে, ঐতিহ্যবাহী আন্তর্জাতিকতাবাদীরা যুক্তরাষ্ট্রের জোট ও বৈশ্বিক প্রভাব দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করছেন। ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থীরা ন্যাটো, চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্য বিষয়ে নিজেদের অবস্থান নির্ধারণ করতে গেলে এই বিভাজন আরও স্পষ্ট হতে পারে। নির্বাচনের পর চ্যাথাম হাউসের মূল্যায়নেও ইরান সংঘাতসহ পররাষ্ট্রনীতিকে রিপাবলিকানদের মতপার্থক্যের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দলটিকে তরুণ ও পরিবর্তনশীল জনমিতিক গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কও নতুন করে পর্যালোচনা করতে হবে। ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী জোটে এমন কিছু তরুণ পুরুষ ও শ্রমজীবী ভোটার যুক্ত হয়েছিলেন, যারা আগে ডেমোক্র্যাটদের অর্থনৈতিক জনতুষ্টিবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের ধরে রাখতে হলে আবাসন ব্যয়, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষাঋণ এবং অর্থনৈতিক অগ্রগতির সুযোগ নিয়ে বিশ্বাসযোগ্য নীতি প্রয়োজন। শুধু সাংস্কৃতিক বিভাজন দিয়ে এসব ভোটারকে ধরে রাখা সম্ভব হবে না। জনতুষ্টিবাদী প্রতিশ্রুতিকে বাস্তব অর্থনৈতিক ফলাফলে রূপ দেওয়াই হবে রিপাবলিকানদের নির্বাচনী পুনরুদ্ধারের অন্যতম শর্ত।

এখন রিপাবলিকান পার্টির সামনে মূলত তিনটি সম্ভাব্য পথ রয়েছে।

প্রথমত, দলটি নিজেদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করতে পারে। অর্থাৎ, মাগা আন্দোলনের অর্থনৈতিক প্রতিশ্রুতি ও সাধারণ মানুষের অসন্তোষকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর নীতি বজায় রেখেও ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্ত ও শাসনপদ্ধতি থেকে কিছুটা দূরত্ব তৈরি করতে পারে। এর মাধ্যমে দলটি আরও বড় ভোটারগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করতে পারে।

দ্বিতীয়ত, মাগা আন্দোলনের নেতারা নির্বাচনী পরাজয় থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও কঠোর করতে পারেন। তারা পরাজয়ের কারণ হিসেবে নীতিগত ভুল বা নেতৃত্বের ব্যর্থতাকে বিবেচনা না করে দলের ভেতরে ট্রাম্পের প্রতি যথেষ্ট আনুগত্যের অভাবকে দায়ী করতে পারেন। এতে রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ সংঘাত আরও বাড়তে পারে।

তৃতীয়ত, দলের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর বিরোধ দীর্ঘস্থায়ী হতে পারে। একদিকে থাকবেন ঐতিহ্যবাহী রক্ষণশীল রিপাবলিকানরা, অন্যদিকে দলের প্রচলিত নেতৃত্ব ও রাজনৈতিক ব্যবস্থা থেকে দূরত্ব বজায় রাখা পরিবর্তনপন্থীরা। পাশাপাশি থাকবে ট্রাম্পের প্রতি অনুগত মাগা সমর্থকগোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে দলের ভবিষ্যৎ নেতৃত্ব, নীতি ও রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বিরোধ আরও গভীর হতে পারে।

তবে এই তিনটি সম্ভাবনা পরস্পরবিরোধী নয়। রিপাবলিকান পার্টির মধ্যে একই সময়ে রাজনৈতিক কৌশল পরিবর্তনের চেষ্টা, আদর্শিক সংঘাত এবং নেতৃত্বের দ্বন্দ্ব—তিনটিই চলতে পারে।

তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন মাগা আন্দোলন শেষ হয়ে যাবে কি না, তা নয়। বরং প্রশ্ন হলো, রিপাবলিকান পার্টি কি ট্রাম্পের ব্যক্তিগত নেতৃত্বের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের ভবিষ্যৎ রাজনীতি গড়ে তুলতে পারবে? একই সঙ্গে, মাগা আন্দোলনকে সমর্থন দেওয়া ভোটারদের চাওয়া-পাওয়া ও রাজনৈতিক উদ্বেগগুলো ধরে রাখতে পারবে?

২০২৬ সালের নির্বাচনে পরাজয় দেখিয়ে দিয়েছে, শুধু একজন নেতার জনপ্রিয়তার ওপর নির্ভর করে দীর্ঘদিন রাজনীতি করা কঠিন। তবে এই পরাজয় মাগা আন্দোলনের রাজনৈতিক প্রভাব বা দলের ভেতরে এর আদর্শিক অবস্থান শেষ করতে পারেনি। এখন রিপাবলিকান পার্টি কোন পথে এগোবে—রাজনৈতিক কৌশল বদলাবে, পুরোনো রক্ষণশীল নেতৃত্বকে আবার শক্তিশালী করবে, নাকি নিজেদের অবস্থানে আরও কঠোর থাকবে—তার ওপর নির্ভর করবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতির ভবিষ্যৎ।

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু ট্রাম্প-পরবর্তী নেতৃত্ব ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে লড়াই কেবল শুরু হয়েছে।