‘মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারি’

মেয়ের বিয়েতে যোগ দিতে পারেননি মা

‘মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারি’

ফন্ট সাইজ:

যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রের সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দেয়ায় শুক্রবার দিবাগত রাতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিরল এ ঘটনায় হাজারো যাত্রী আটকা পড়েন। এতে তাদের পারিবারিক পরিকল্পনা ও কর্মসূত্রে যাতায়াত বিঘ্নিত হয়। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে রাইলি অ্যালেক্সিস হোমস আশা করেছিলেন, ভাইয়ের সংগীতানুষ্ঠানের শেষ রাতে উপস্থিত থাকতে সময়মতো ওরেগন পৌঁছাবেন। কিন্তু প্রায় দুই ঘণ্টা বিলম্বের পর তার ফ্লাইট বাতিল করা হয়। তিনি বলেন, আমি মাকে ফোন করে কেঁদেছি। এখন শুধু বসে বসে তথ্যের জন্য অপেক্ষা করছি। অন্য এক যাত্রী বলেন, আমি খুব হতাশ। কারণ, আপনি বিমানবন্দরে আসছেন, তারপর হঠাৎ আপনার সব পরিকল্পনা বদলে যাচ্ছে। কখন রওনা হতে পারবেন, তা-ও জানেন না। আমরা একরকম আটকে গেছি। নিউয়ার্ক বিমানবন্দরে হোসে নামে এক যাত্রী কাজের জন্য টরন্টো যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি সিএনএনকে জানান, ফ্লাইট বন্ধের নির্দেশ জারির পরই তিনি টিকিট কিনেছিলেন। তিনি বলেন, ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে, তারপরও তারা আমার কাছে টিকিট বিক্রি করেছে। নিউইয়র্কের ব্যস্ত লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে জেনিস লিউয়েলিন প্রায় কেঁদে ফেলেন। এ বিশৃঙ্খলার কারণে টরন্টোতে মেয়ের বিয়েতে উপস্থিত থাকা অনিশ্চিত হয়ে পড়েছে তার। তিনি বলেন, আমি হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলব। আমার স্বামী বিয়েতে যোগ দিতে ইংল্যান্ড থেকে এত দূর উড়ে এসেছেন। ওহ, ঈশ্বর! যদি তারা অন্য একটি ফ্লাইট দিত! যদি এখনই আরেকটি ফ্লাইট পেতাম! লাস ভেগাসের বিমানবন্দরে কয়েকজন যাত্রীকে জানানো হয়, বাতাসের কারণে তাদের যাত্রা বিলম্বিত হচ্ছে। এক যাত্রী জানান, তিনি লাস ভেগাস থেকে ওকল্যান্ডে ফিরতে চাইছিলেন। প্রয়োজনে গাড়ি চালিয়ে যাওয়ার কথাও ভাবছিলেন তিনি। তবে তার আশঙ্কা, যদি পুরো দেশেই যাতায়াত বন্ধ থাকে, তাহলে মহাসড়কগুলোও যানজটে আটকে যাবে। ফ্লোরিডার গেইনসভিল আঞ্চলিক বিমানবন্দরে ফ্লাইট বন্ধের কারণে আটকে পড়া প্রায় ৮০ জন যাত্রীর জন্য পিৎজা অর্ডার করা হয়। যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ সময় থ্যাংকসগিভিং ছুটির দুই সপ্তাহেরও কম সময় আগে এ ফ্লাইট বন্ধের ঘটনা ঘটল। ফ্লাইট চলাচল বন্ধ থাকার সময় অনেক বিমান সংস্থা যাত্রীদের সতর্কবার্তা জারি করে। এয়ার ইন্ডিয়া যুক্তরাষ্ট্রগামী ও যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে আসা ফ্লাইটে সম্ভাব্য বিঘ্নের বিষয়ে সতর্ক করে। বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের ফ্লাইটের অবস্থা যাচাই করার পরামর্শ দেয় সংস্থাটি। আমেরিকান এয়ারলাইনস জানায়, ফ্লাইট বন্ধের নির্দেশ বহাল রয়েছে। তবে কিছু বিমানবন্দরে নির্দিষ্ট কিছু ফ্লাইটকে উড্ডয়নের অনুমতি দেয়া শুরু হয়েছে।