নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেল (৩২) কে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেয়ার ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে এসআরবি। এ ঘটনায় রাসেলের সাবেক স্ত্রী, সাবেক শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো- নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তার বোন নাদিয়া সুলতানা রত্না ও মুক্তার বর্তমান স্বামী এবং খাগড়াছড়ি রামগড় থানার গুইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম। এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সুবাদে গত ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়। যার ফলে মুক্তা রাসেলকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু রাসেল বিষয়টি মানতে পারেনি- সে পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করে। কিন্তু চলতি বছরের অক্টোবর মাসে সেলিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তাদের বাড়িতে আরও বেশি আসা-যাওয়া শুরু করে। এসআরবি আরও জানায়, গত ৬ই নভেম্বর রাসেলের ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে তাদের বাড়িতে আসতে বলে মুক্তা। ওই কল পেয়ে রাত ১০টার দিকে মুক্তাদের বাড়িতে আসে রাসেল।
পরবর্তীতে বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে রাসেল ও মুক্তা। এর একপর্যায়ে অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করে মুক্তা। বিষয়টি ধামাচাপা দিতে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে রাসেলের মৃতদেহ কম্বল মুড়িয়ে মাটিচাপা দেয় মুক্তা ও অপর আসামিরা। গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। পরে এই ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানা একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা, রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডাবল মুরিং এলাকা থেকে সেলিমকে আটক করে। শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।
