চট্টগ্রামের দুই সড়ক প্রকল্পে ব্যয় বাড়লো ২০১ কোটি টাকা

চট্টগ্রামের দুই সড়ক প্রকল্পে ব্যয় বাড়লো ২০১ কোটি টাকা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের দু’টি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো প্রকল্পে নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে ২০১ কোটি ৫২ লাখ ৬৭ হাজার টাকা। এর মধ্যে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় বেড়েছে ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে, কর্ণফুলী টানেল সংযোগ সড়ক ও আনোয়ারা উপজেলা সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় বাড়ানো হয়েছে ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকা। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ব্যয় বৃদ্ধির প্রস্তাব দু’টি অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাবে নতুন করে ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় বাড়ানো হয়েছে। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা।

প্রথম দফায় ব্যয় বাড়িয়ে চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ৩ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার ৮৫১ টাকা। এবার দ্বিতীয় দফায় আরও ব্যয় বৃদ্ধির ফলে মূল চুক্তির তুলনায় প্রকল্পটির ব্যয় বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার ১১১ টাকা। শতাংশের হিসাবে এ বৃদ্ধি ২৯ দশমিক ১৮। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে ম্যাক্স-র‌্যাঙ্কেন (জেভি)।
অন্যদিকে, কর্ণফুলী টানেল সংযোগ সড়ক ও আনোয়ারা উপজেলা সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের একটি প্যাকেজে ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার ৩১৫ টাকা অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে প্যাকেজটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা।

মূল চুক্তিমূল্য ছিল ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা। ভেরিয়েশন অর্ডার-১ এর মাধ্যমে ব্যয় বৃদ্ধির পর মূল চুক্তির তুলনায় ব্যয় বেড়েছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ। এ প্রকল্পের আওতায় শিকলবাহা-আনোয়ারা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ, সড়কের বাঁধ প্রশস্তকরণ এবং সড়কের মাঝখানে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে- ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও তাহের ব্রাদার্স লিমিটেডের যৌথ উদ্যোগ। এ ছাড়া, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের একটি প্যাকেজের কাজ পেয়েছে রানা বিল্ডার্স (প্রাইভেট) লিমিটেড। এ কাজের চুক্তিমূল্য ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা।