মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আলীনগর সীমান্তের পাগলাটিলা এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আলীনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৮৪৬/১৫-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলাটিলা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি’র একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা তামাকজাত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, উদ্ধার করা পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
