ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আখাউড়া উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি হয়েছে। নবগঠিত ওই কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে পদবঞ্চিত নেতারা প্রতিবাদ মিছিল নিয়ে আসে। এ সময় ছাত্রদলের আনন্দ মিছিল থেকে উস্কানি দিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে চলা দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বিল্লাল নামে এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উপজেলা বিএনপি’র কার্যালয় যা এমপি মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয় তাতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এমপি’র অনুসারীরা দলীয় কার্যালয়ের ভেতরে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকেন। ভাঙচুর করা হয়েছে বাজারের আরও চারটি দোকান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে ইটপাটকেলের আঘাতে বিল্লাল নামে এক পুলিশ সদস্য আহত হন। পরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ঘটনাস্থলে ছুটে যান। প্রশাসন ও পুলিশের যৌথ তৎপরতায় সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদলের কমিটি নিয়ে এর আগে গত ৪ঠা নভেম্বর কসবায় ছাত্রদল এবং ৭ই নভেম্বর বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
