মোরেলগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে ‘বিক্রি হওয়া’ শিশু উদ্ধার

মোরেলগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে ‘বিক্রি হওয়া’ শিশু উদ্ধার

ফন্ট সাইজ:

পরিবারের চরম অভাব-অনটন, স্বামীর অবহেলা এবং নিজের অসুস্থতার কারণে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সী এক শিশুপুত্রকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর বাসভবনে উভয়পক্ষকে হাজির করে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে, গত বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এই শিশু বিক্রির মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত শিশুটির মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয়া ১৫ মাসের শিশুটির নাম আল আমিন। কান্নাজড়িত কণ্ঠে অনিকা বলেন, বিয়ের পর থেকে স্বামী আমার ও সন্তানের কোনো খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে চরম আর্থিক সংকট দেখা দেয়।

আমি নিজে জটিল রোগে আক্রান্ত হয়ে চরম অসহায়ত্ব ও অনটনের কারণে বাধ্য হয়ে সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছিলাম। প্রাপ্ত তথ্যমতে, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম ৩০ হাজার টাকায় নিয়েছিলেন। শিশুর নানা পলাশ শেখ বলেন, আমার বয়স হয়েছে, নিজেও বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারি না, তার ওপর মেয়ে ও নাতির ভরণপোষণ কীভাবে জোগাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, খবর পেয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে সন্তান বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত মায়ের শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে সহযোগিতা প্রদানপূর্বক শিশুকে মায়ের জিম্মায় দেয়া হচ্ছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ এবং আবেদন যাচাই-বাছাই করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।