সিলেটে ভয় দেখিয়ে চাঁদাবাজির ঘটনায় শহীদুল গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিলেটে সেনাবাহিনী ও র‌্যাবের কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতো শহীদুল ইসলাম। একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরের চৌহাট্টা পয়েন্টে সরকারি আলিয়া মাদ্রাসার সীমানা প্রাচীরসংলগ্ন যাত্রী ছাউনি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ৭ই নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সে চৌহাট্টা এলাকার ব্যবসায়ী জুবেল আহমদের কাছে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার চা, পান ও সিগারেট বিক্রির ভ্যান গাড়িটি মালামালসহ নিয়ে যায়।

পরে জুবেলের সহযোগী এমরান আহমদ নগদ ২ হাজার টাকা এবং জুবেল বিকাশের মাধ্যমে দুই দফায় ৫ হাজার ১০০ টাকা দিলে ভ্যান গাড়িটি ফেরত দেয়া হয়। এ ছাড়া গত ১০ই নভেম্বর রাত ৮টার দিকে তানভীর মিয়া নামে আরেক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানায়, সর্বশেষ বৃহস্পতিবার সকালে তানভীরের দোকানে গেলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহীদুল ইসলামের কাছে পরিচয়পত্র দেখতে চায়। সে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয় এবং অসংলগ্ন বক্তব্য দেয়। এরপর তাকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।