ফরিদপুরে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিদিন উপসর্গ নিয়ে অসংখ্য রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এ ছাড়া, জেলায় এ পর্যন্ত দেড় হাজার রোগীকে ডেঙ্গু রোগের চিকিৎসা দেয়া হয়েছে। মৃত্যু হয়েছে ১০ রোগীর। এদিকে, জেলা সচেতন মহল ডেঙ্গু রোগ প্রতিরোধে সংশ্লিষ্টদের উদাসীনতার অভিযোগ করলেও সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচির কথা জানিয়েছে। এদিকে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় জেলা সদরসহ উপজেলার হাসপাতালগুলোতে রোগীদের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। ফলে হাসপাতালগুলোতে সিট না পেয়ে ফ্লোরে বা সিঁড়িতেই বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানায়, তারা গায়ে অতিরিক্ত জ্বরসহ ব্যথা নিয়ে শহরের হাসপাতালগুলোতে পরীক্ষা করছেন। অনেকেরই ডেঙ্গু পজিটিভ আসছে। পরে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে কেউ কেউ ভালো থাকলেও অনেকে রয়েছে ঝুঁকিতে। আবার অনেকেই বলছে, জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা নেই বললেই চলে। সুশীল সমাজ প্রতিনিধি আনিসুর রহমান সাবুল বলেন, ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্টদের নজরদারি নেই। ডেঙ্গু প্রতিরোধে এখনই ব্যবস্থা না নিলে মহামারি আকার ধারণ করবে। সেইসঙ্গে বাড়বে মৃত্যুর মিছিল। ফরিদপুর পৌর প্রশাসক মো. ইলিয়াসুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিনিয়তই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠানো হচ্ছে। জেলার সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান বলেন, আমি ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মাইকিং করা, ভ্যাকসিন দেয়াসহ নানা ধরনের কর্মসূচি নিয়ে কাজ করছি।
