হাতে ছোট্ট একটি প্রচারপত্র (লিফলেট)। তাতে ছাপানো শৈশবের সাদাকালো ছবি আর এখনকার একটি ছবি। ছবির নিচে লেখা ‘শিশুকালে আমি’ ও ‘আমি এখন’। পরনে লুঙ্গি আর কালো টি-শার্ট। গায়ের রং আর চেহারায় বিদেশি ছাপ থাকলেও মানুষটির শিকড় বাংলাদেশে। মা-বাবার খোঁজে কুমিল্লার পথে পথে ঘুরছেন তিনি। পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে জানতে চাইছেন, কেউ কি তার মা-বাবাকে চেনেন?
শিকড়ের টানে ফেরা এই মানুষটির নাম রাজীব উদ্দিন। অবশ্য পাসপোর্ট ও বর্তমান পরিচয়পত্রে নাম হ্যারল্ড ডেভিড রাজীব। নেদারল্যান্ডসের (ডাচ্) নাগরিক তিনি। জন্মের প্রায় তিন বছর পর ১৯৮০ সালে দত্তক হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়েছিল নেদারল্যান্ডসে। এরপর কেটে গেছে ৪৬ বছরের বেশি। ইংরেজিতে কথা বলছিলেন তিনি। পাশে ছিলেন একইভাবে নিজের মা-বাবার খোঁজে বাংলাদেশে আসা আরেক ডাচ্ নাগরিক সেলিনা গোমেজ আর তাদের দোভাষী মোহাম্মদ ওমর।
নিজের পরিচয় ফিরে পাওয়ার চেষ্টা করতে গিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন রাজীব। তার ভাষ্য, ১৯৭৪-১৯৮০ সালের মধ্যে বাংলাদেশ থেকে অনেক শিশুকে দত্তক হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে নেয়া হয়েছিল। তাদের মধ্যে নেদারল্যান্ডসে যাওয়া শিশুর সংখ্যা প্রায় ৪৮৭। তবে, সবাই সরকারি নথিতে নিবন্ধিত ছিলেন না। রাজীব ও সেলিনাও নিবন্ধিত ছিলেন না বলে তাদের দাবি। নিজের মা-বাবার মুখ, নিজের শৈশব কিংবা পরিবারের কোনো স্মৃতি নেই রাজীবের কাছে। কাগজপত্রে পাওয়া কিছু তথ্য আর শৈশবের পাসপোর্টের একটি ছবি সম্বল করে সেই পরিবারকেই খুঁজছেন তিনি। রাজীব বলেন, ‘আমার বয়স যখন প্রায় তিন বছর, তখন আমি মা-বাবাকে হারিয়েছি। কাগজপত্র অনুযায়ী, ১৯৭৭ সালে আমার জন্ম। ১৯৮০ সালে আমাকে নেদারল্যান্ডসের একটি শ্বেতাঙ্গ পরিবারের কাছে দত্তক দেয়া হয়। সেখানে আমার ভালো জীবন আছে। কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি।’ নিজের মা-বাবার খোঁজে ২০১৫ সাল থেকে বাংলাদেশে আসছেন রাজীব। জানালেন, এ পর্যন্ত ছয়বার এসেছেন কুমিল্লা ও আশপাশের এলাকায়। কাগজপত্রে তার জন্মস্থান হিসেবে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম উল্লেখ রয়েছে। ১৯৮০ সালের দিকে সেটি কুমিল্লা জেলার অংশ ছিল। তবে, ঠিকানাটি কতোটা নির্ভরযোগ্য, তা নিয়ে তার সংশয় আছে। কারণ, দত্তক নেয়ার প্রক্রিয়ায় বিভিন্ন সময় ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে তার ধারণা।
রাজীব বলেন, প্রথমদিকে অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন। একবার একজন তাকে জানিয়েছিলেন, একজন ব্যক্তি তার জন্মদাতা বাবা হতে পারেন। ওই ব্যক্তিরও বিদেশে থাকার সময় একটি সন্তান হারিয়ে গিয়েছিল। পরের বছর ফিরে এসে তার সঙ্গে দেখা করেন রাজীব। ডিএনএ পরীক্ষাও করান। কিন্তু পরীক্ষার ফলাফলে তাদের মধ্যে বাবা-সন্তানের সম্পর্ক পাওয়া যায়নি। এতে দু’জনই হতাশ হন। এরপরও থেমে যাননি রাজীব, বরং পরিবারের সন্ধানে আবারো বাংলাদেশে ফেরার তাগিদ অনুভব করেছেন। তিনি বলেন, ‘আমি খুব হতাশ হয়েছিলাম। এরপরও আশা ছাড়িনি। প্রতি দুই বছর পরপর ফিরে আসার চেষ্টা করেছি। যতদিন না মা-বাবাকে খুঁজে পাচ্ছি, ততদিন চেষ্টা চালিয়ে যাবো।’ দপ্তরে দপ্তরে দৌড়াদৌড়ির পর লিফলেট ছাপিয়েও মা-বাবার খোঁজ চালিয়ে যাচ্ছেন রাজীব। তাতে নিজের শৈশব ও বর্তমানের ছবি দিয়ে মা-বাবার সন্ধান চেয়েছেন। লিফলেটে যোগাযোগের জন্য ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাও দিয়েছেন। আজও ঝাউতলা ও পুলিশ লাইন্স এলাকায় ঘুরে ঘুরে মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি। লুঙ্গিতে খুঁজে পান নিজের শিকড়। রাজীবের পরনে লুঙ্গি আর টি-শার্ট। নেদারল্যান্ডসের নাগরিক হয়েও বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকটি তার এত পছন্দ কেন, জানতে চাইলে তিনি বলেন, লুঙ্গি পরলে নিজের দেশের কাছাকাছি থাকার অনুভূতি হয়।
রাজীব বলেন, ‘আমি লুঙ্গি খুব পছন্দ করি। এটি আমাদের সংস্কৃতির অংশ। আমি যখন নেদারল্যান্ডসে বাড়িতে থাকি, তখনো লুঙ্গি পরি। এতে বাংলাদেশকে, এখানকার মানুষ ও ঐতিহ্যকে মনে পড়ে। মনে হয়, নিজের দেশের কাছাকাছি আছি।’
একই গল্প সেলিনার, রাজীবের পাশে বসে থাকা সেলিনা গোমেজের গল্পও প্রায় একই। তিনিও নেদারল্যান্ডসে দত্তক নেয়া পরিবারের কাছে বড় হয়েছেন। তার কাগজপত্রে জন্মস্থান হিসেবে মালুমঘাটের (কক্সবাজারের চকরিয়া উপজেলা) নাম রয়েছে। তবে সেই তথ্যও সঠিক কিনা, তা নিশ্চিত নন তিনি। নিজের মা-বাবার খোঁজে বারবার বাংলাদেশে আসছেন। সেলিনা বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুব মিস করি। তাদের কাছ থেকে আলাদা থাকাটা প্রতিদিন আমাকে কষ্ট দেয়। আমি চাই, তারা জানুন, তাদের মেয়ে কেমন আছে, কীভাবে বড় হয়েছে। আমি চাই, আমরা আবার একসঙ্গে হতে পারি।’
বাংলাদেশে প্রথম আসার অনুভূতির কথা বলতে গিয়ে সেলিনা বলেন, ‘বাংলাদেশের কিছুই আমার মনে ছিল না। কিন্তু প্রথমবার বিমানবন্দর থেকে বের হয়ে এখানকার বাতাস আর চারপাশের শব্দ অনুভব করেছিলাম। সঙ্গে সঙ্গে মনে হয়েছিল, আমি বাড়িতে এসেছি। আমি বাংলাদেশকে সত্যিই খুব ভালোবাসি।’ লিফলেট বিতরণ শেষে রাজীব ও সেলিনা যান কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদের সঙ্গে কথা বলেন তারা। রাজীবের কাগজপত্রে জন্মস্থান হিসেবে নবীনগরের পেয়ারাকান্দির উল্লেখ রয়েছে জানার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। আলী রাজীব মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তার পরিবারের সন্ধান পেতে যাতে সহযোগিতা করা যায়, সে চেষ্টা করছি।
